মুক্তিবাণী অনলাইন ডেক্স
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরায় সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরীক্ষা শেষ হওয়ার পর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা সচিবালয় অভিমুখে লংমার্চের প্রস্তুতি নেন।
আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। ধীরে ধীরে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। আন্দোলনকারীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরেন। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শুরু থেকেই এলাকায় সতর্ক অবস্থানে আছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছেন না। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে তারা বৈষম্যমূলক ও অমানবিক বলে দাবি করেন। এ কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখে নতুন সময়সূচি ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন তারা।
উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও আন্দোলনকারী শেখ রিফাত বলেন, বন্যাকবলিত এবং জলাবদ্ধ এলাকায় বসবাসকারী বহু শিক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিচ্ছেন। কেউ সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারছেন না, আবার কেউ প্রতিকূল পরিবেশের কারণে পরীক্ষায় অংশ নিতেই পারছেন না। সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চলমান পরীক্ষা স্থগিত করে নতুন সূচি প্রকাশ এবং তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও লংমার্চের প্রস্তুতিকে কেন্দ্র করে উত্তরার বিএনএস সেন্টার, আজমপুর, জসিমউদ্দীন, রাজলক্ষ্মী ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালায়।
এদিকে, আন্দোলনকে ঘিরে উত্তরা থেকে সচিবালয়মুখী সম্ভাব্য কর্মসূচির কথা বিবেচনায় নিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উত্তরা, সায়েন্স ল্যাবরেটরি, শাহবাগ এবং সচিবালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়সহ ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের ঘোষণা ছিল, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত না এলে বুধবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে। সে ঘোষণার ধারাবাহিকতায় বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে কর্মসূচি পালন করেন।