গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বাদ আসর শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সম্মুখে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
![]()
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের জেলা নেতৃবৃন্দ। এতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা রহমত আলী, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম এবং সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম প্রমুখ।
![]()
লিফলেট বিতরণ পূর্ববর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “গণভোটের রায় কার্যকর করতে সরকার যদি কালবিলম্ব করে, তাহলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে।”
![]()
বক্তারা জোটের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও গঞ্জের প্রতিটি নাগরিকের কাছে এই বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন। পাশাপাশি আগামী ১২ এপ্রিল জেলা শহরে অনুষ্ঠেয় বিক্ষোভ মিছিল ও সমাবেশে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
উদ্বোধনী দিনে শহরের চৌমোহনা পয়েন্টে নেতৃবৃন্দ বিভিন্ন দোকান ও রাস্তায় চলাচলকারী যানবাহনের যাত্রীদের মধ্যে এই লিফলেট বিতরণ করেন।










পাঠকের মন্তব্য