সমাবেশে বক্তারা ফ্যাসিবাদের পথে হাঁটলে বিএনপির পরিণতি হবে ভয়াবহ

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্স

সংসদে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজপথেই এর সমাধান হবে। ৭০ শতাংশ জনগণের গণভোটের রায় উপেক্ষা করে সরকার যদি ফ্যাসিবাদের পথে হাঁটে, তবে এর পরিণতি হবে ভয়াবহ।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি একই দিনে একই তফসিলে দুটি নির্বাচন হয়েছে।

অথচ বিএনপি একটি নির্বাচনকে বৈধ বললেও অন্যটিকে অবৈধ বলছে। বিএনপির এই দ্বিচারিতা জনগণের সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা।’

তিনি আরো বলেন, ‘আমরা ৭০ শতাংশ জনগণের রায় বাস্তবায়নের লক্ষ্যে রাজপথে নেমেছি। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না নেয়, তবে জনগণ রাজপথেই এর ফয়সালা করবে।

সরকারের বর্তমান কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে।’

সমাবেশে চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা গণভোটের রায় মেনে নেবে। তারা নিজেরা ৫১ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করলেও ৭০ শতাংশ জনগণের রায়কে (জুলাই সনদ) মেনে নিচ্ছে না। আপনারা যদি এই জনরায়কে স্বীকৃতি না দেন, তবে আপনাদের ৫১ শতাংশের রায়কেও আমরা বৈধ বলতে পারি না।

বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ আপনাদের পাশে ছিল। কিন্তু গণবিরোধী কর্মকাণ্ড অব্যাহত রাখলে ভবিষ্যতে জনগণকে পাশে পাবেন না।’

১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম মহানগর সমন্বয়ক ও জামায়াত নেতা মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির মাওলানা জিয়াউল হোসাইন, খেলাফত মজলিসের মাওলানা শিহাব উদ্দিন, এনসিপির আরিফ মঈনুদ্দিন, জাগপার আবু মোজাফফর মোহাম্মদ আনাস, খেলাফত আন্দোলনের মাওলানা আতিক বিন ওসমান প্রমুখ।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও