ইসলামাবাদের সাম্প্রতিক আলোচনায় সবচেয়ে জটিল ইস্যু হয়ে উঠেছে হরমুজ প্রণালি। তবে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়ে যুক্তরাষ্ট্র ঠিক কী চায়, তা এখনো স্পষ্ট নয়। এমন অনিশ্চয়তাই এই আলোচনাটিকে কঠিন করে তুলছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, গত দশ দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে পরস্পরবিরোধী দুই ধরনের বক্তব্য দিয়েছেন।
প্রথমে তিনি বলেন, এই প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের তেমন আগ্রহ নেই এবং তাদের তেলের প্রয়োজনও এই পথের ওপর নির্ভরশীল নয়। বরং অন্যান্য দেশই ইরানের সঙ্গে বিষয়টি সমাধান করবে বলে ইঙ্গিত দেন।
কয়েক দিনের ব্যবধানে অবস্থান বদলান ট্রাম্প। পরে তিনি বলেন, এই প্রণালি যুক্তরাষ্ট্রের দাবির কেন্দ্রবিন্দু, এবং এটি খোলা না থাকলে কোনো আলোচনা সম্ভব নয়।
তার এই দুই বক্তব্যে স্পষ্ট অসামঞ্জস্য থাকায় যুক্তরাষ্ট্রের প্রকৃত অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
এর মধ্যে পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাহাজগুলো ইরানের কোনো বাধা ছাড়াই প্রণালিটি পার হয়েছে। যদিও ইরান এ বিষয়ে কিছু আপত্তি তুলেছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ইরানের জন্য একটি বড় কৌশলগত শক্তি।
এই নিয়ন্ত্রণ সহজে ছাড়তে তারা রাজি নয় এবং বিনিময়ে কিছু সুবিধা চাইবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান বারবার পরিবর্তিত হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। ফলে পরবর্তী দফার আলোচনায় এই বড় মতপার্থক্য কিভাবে সমাধান হবে, তা এখনো অনিশ্চিত রয়ে গেছে।









