বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার ধারা অব্যাহত রয়েছে। মঙ্গলবার সাত মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পর বুধবারও স্বর্ণের দামে আরও পতন দেখা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনা কমে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে, এমন প্রত্যাশা জোরালো হয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে স্বর্ণবাজারে।
বুধবার গ্রিনিচ সময় ০১:১২ পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮১ দশমিক ৬৯ ডলারে নেমে আসে। আগের দিন এটি গত বছরের নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।
এদিকে, আগস্ট মাসের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশার পরিবর্তনের কারণে স্বর্ণের বাজারে অস্থিরতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।









