মৌলভীবাজার পৌরসভার ইতিহাসে এই প্রথম কোনো নির্বাচিত প্রতিনিধি ছাড়াই ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য রেকর্ড ১শত ৬৯ কোটি ৪৫ লক্ষ ৮০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে পৌরসভার হলরুমে আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক বুলবুল আহমেদ। এবারের বাজেটে নাগরিক সেবা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা স্থানীয়দের জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে বলে আশাবাদী প্রশাসন।
![]()
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, হিসাব রক্ষক উজ্জল চন্দ্র দেবসহ অন্যান্য কর্মকর্তারা। বাজেট উপস্থাপনায় সহায়তা করেন পৌরসভার কর্মকর্তা রুমেল আহমদ। এ সময় মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল আহমদ ও সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীনসহ স্থানীয় সাংবাদিকরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
![]()
বাজেটের উল্লেখযোগ্য দিক: • বিদ্যুৎ বিল বকেয়া প্রায় দেড় কোটি টাকা, যা গত ৪ বছরের জমা। তবে প্রশাসক জানান, বর্তমানে মাসিক বিল আদায়ের পাশাপাশি পুরোনো বকেয়াও শোধ করা হচ্ছে।
• ফুটপাত দখল ও অবৈধ চাদা আদায় রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা।
• কুদালীছড়ার দূষণ রোধ, শহরের জলাবদ্ধতা ও যানজট নিরসনে বিশেষ উদ্যোগ।
![]()
প্রশাসক বুলবুল আহমেদের ভাষ্য, “নাগরিকদের সেবাই আমাদের প্রধান লক্ষ্য। বাজেট বাস্তবায়নে সবাইকে সহযোগিতা চাই।” স্থানীয়দের প্রত্যাশা, এই বাজেটে ঘোষিত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়িত হলে মৌলভীবাজার পৌরসভার চিত্র বদলে যাবে।










পাঠকের মন্তব্য