মৌলভীবাজারে সোসাইটি অব ন্যাশনাল মিডিয়া কমিশন (এসএনএমসি) জেলা শাখার উদ্যোগে গাজীপুরে নিহত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন ও মৌলভীবাজারের ব্যবসায়ী শাহ ফজলুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে শনিবার (০৯ আগস্ট) বিকাল ৪টায় চৌমুহনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
![]()
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিনের নৃশংস হত্যাকাণ্ডকে “সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর আঘাত” আখ্যায়িত করে দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ কামনা করা হয়। এছাড়া, মৌলভীবাজারের ব্যবসায়ী রুবেল হত্যার তদন্ত ত্বরান্বিত করে বিচার নিশ্চিতের দাবি উঠে।
![]()
এডভোকেট ডা. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম শেফুল, বিএনপি নেতা মতিন বক্স, এনসিপি নেতা এহসান জুবায়েরসহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। বক্তারা তুহিনকে “সত্যের সৈনিক” আখ্যা দিয়ে বলেন, “এই হত্যাকাণ্ডের বিচার না হলে অপরাধীদের সাহস আরও বাড়বে।”
![]()
উল্লেখ্য, গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ০৭ আগস্ট প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। পুলিশ ইতিমধ্যে সাত আসামিকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে । অন্যদিকে, মৌলভীবাজারের ব্যবসায়ী রুবেল হত্যার ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
মানববন্ধনে জেলার গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শতাধিক প্রতিনিধি অংশ নেন।










পাঠকের মন্তব্য