মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন চরম তুঙ্গে। ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র বর্ষণে কেঁপে উঠেছে গোটা ইসরায়েল। বিশেষ করে দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিব ও শ্যারন অঞ্চলে একের পর এক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, তেল আবিবের জনবহুল এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে একাধিক স্থাপনা ধসে পড়েছে এবং রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকা যানবাহনে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।
ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা (MDA) নিশ্চিত করেছে যে, তেল আবিবে ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের আঘাতে অন্তত দুইজন গুরুত্বর আহত হয়েছেন, যাদের মধ্যে একজন নারী রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় সাইরেনের শব্দে পুরো শহর আতঙ্কিত হয়ে পড়ে এবং মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে। শ্যারন অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরান এই হামলাকে তাদের ওপর হওয়া পূর্ববর্তী আক্রমণের প্রতিশোধ হিসেবে দাবি করছে।
বর্তমানে ইসরায়েল জুড়ে উচ্চ সতর্কবার্তা জারি রয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ দিয়ে হামলা ঠেকানোর চেষ্টা করা হলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।









