‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ, তল্লাশিতে মিলল ২৮ হাজার লিটার জ্বালানি

ফাইল ছবি
ফাইল ছবি
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর শহরতলীর কানাইপুরে হোসেন ফিলিং স্টেশন পাম্পে ‘পেট্রোল নেই’ লেখা থাকলেও সেখানে মিলেছে বিপুল পরিমাণ জ্বালানি। পাম্পটিতে জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও ভোক্তাদের তেল সরবরাহ না করে তেল নাই লিখে পাম্প বন্ধ করে রাখা হয়েছিল।

শনিবার (২৮ মার্চ) পেট্রোলিয়াম পণ্য মজুত রেখে ভোক্তা পর্যায়ে বিক্রি বন্ধ রাখার অভিযোগের ভিত্তিতে কানাইপুর বাজার ও বাজারের পাশে অবস্থিত হোসেন ফিলিং স্টেশনও রয়েল ফিলিং স্টেশন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে একটি পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তেল থাকা সত্ত্বেও পাম্প বন্ধ রাখায় সতর্ক করে আরেকটি পাম্পে পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরে পেট্রোলিয়াম পণ্য মজুদ ও ভোক্তা পর্যায়ে বিক্রি বন্ধ রয়েছে মর্মে অভিযোগের প্রেক্ষিতে পেট্রোল পাম্প দুটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় হোসেন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে পেট্রোল পাম্পটি বন্ধ পাওয়া যায় এবং পাম্পে লেখা রয়েছে পেট্রোল নেই। কিন্তু পাম্পটিতে ৭ হাজার লিটার পেট্রোল, ৬ হাজার ৫০০ লিটার অকটেন ও ১৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ থাকা সত্ত্বেও ভোক্তাদের তেল সরবরাহ না করার অভিযোগ সরাসরি ঘটনাস্থলে সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।

ফরিদপুর-খুলনা মহাসড়কের পার্শ্বে ফরিদপুর সদরের কানাইপুর এলাকায় রয়েল ফিলিং স্টেশনেও অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তাদের শুধু ডিজেল বিক্রি করা হচ্ছে মর্মে দেখা যায়, পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ ছিলো। মজুদ যাচাই করে দেখা যায় পেট্রোল রয়েছে ৩ হাজার ৫০০লিটার, অকটেন রয়েছে ৩ হাজার ৪০০ লিটার ও ডিজেল রয়েছে ১৯ হাজার লিটার।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় হোসেন ফিলিং স্টেশনের ম্যানেজার সাবির চৌধুরীকে জরিমানা করা হয়েছে।

তিনি আরোও বলেন, রয়েল ফিলিং স্টেশনের পাম্পের মালিক ও ম্যানেজার মেশিনের সমস্যা উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করায় তাতক্ষণিকভাবে পেট্রোল ও অক্টেন সরবরাহ লাইন অপেন করে ভোক্তাদের সরবরাহের ব্যবস্থা করা হয়। তবে কোন অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়নি। বর্তমানে পাম্পটিতে স্বাভাবিকভাবে তেল প্রদান অব্যাহত রয়েছে।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও