মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কার ও অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

বিশেষ প্রতিবেদকঃ

মৌলভীবাজার সদর উপজেলার আখানগীরী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ

ছবি মুক্তিবাণী

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে আখানগীরী গ্রামের কালেকা বাজার এলাকায় অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করা হয়।

ছবি মুক্তিবাণী

গ্রেফতারকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার বিরাট (হাসামপুর) গ্রামের সেলিম মিয়া @ হেলিম মিয়া @ ছিকন আলী (৩৫), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর পাচাউন গ্রামের শাহ ইকবাল হোসেন @ শাহ পরান @ রূপন মিয়া (৩৭), মৌলভীবাজার সদর থানার শ্রীরাইনগর গ্রামের মবিল খান (৪৮), সিলেট জেলার বালাগঞ্জ থানার নসিয়ারপুর (নসিবপুর) গ্রামের শাহেদ মিয়া (২৬) এবং মৌলভীবাজার সদর থানার পতন (শাহবন্দর) গ্রামের মোঃ অভি (২৪)।

অভিযানকালে তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও গাড়ির ভেতর থেকে ১টি কাটার মেশিন, ১টি ধারালো দা, ১টি চাকু, ১টি লোহার পাইপ, ১টি বাঁশের লাঠি এবং প্রায় ২৫ ফুট দীর্ঘ একটি রশি উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত শাহ ইকবাল হোসেনের বিরুদ্ধে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় চুরি, নারী নির্যাতনসহ ১১টি মামলা রয়েছে। এছাড়া সেলিম মিয়ার বিরুদ্ধে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় চুরি ও ডাকাতিসহ ৫টি মামলা আছে। মবিল খান ও শাহেদ মিয়ার বিরুদ্ধেও একাধিক চুরির মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করেছেন। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও