হাদির ২ খুনিকে আরও ৯ দিনের রিমান্ডে পাঠাল দিল্লির আদালত

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্স

ভারতে গ্রেপ্তার গণমাধ্যম মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির দুই খুনিকে আরও ৯ দিনের জন্য এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। শনিবার দিল্লির একটি বিশেষ আদালত এই নির্দেশ দেয়।

নিরাপত্তাজনিত কারণে আটককৃতদের দিল্লির এনআইএ সদর দপ্তরেই বিচারকের সামনে হাজির করা হয়েছিল। এনআইএ-এর পক্ষে আদালতে সওয়াল করেন বিশেষ সরকারি কৌঁসুলি রাহুল ত্যাগী এবং অমিত রোহিলা। হাদি হত্যার নেপথ্যে কোনো বড় ষড়যন্ত্র বা আন্তঃসীমান্ত অপরাধী চক্রের যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তদন্তের স্বার্থে এনআইএ-এর পক্ষ থেকে গ্রেপ্তারকৃতদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে জানানো হলে অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত শর্মা এই আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ২৪ মার্চ তাদের ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গ থেকে দিল্লি নিয়ে আসা হয়েছিল।

২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকায় একটি অটোরিকশায় যাওয়ার সময় দুই বন্দুকধারী হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালীন ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশে ব্যাপক  বিক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এই হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জ শিট) জমা দিয়েছে বাংলাদেশ পুলিশ।

ভারতের তদন্তকারী সংস্থা জানিয়েছে, অভিযুক্ত দুই ব্যক্তি— রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন— অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। তারা যখন পশ্চিমবঙ্গ হয়ে পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল, তখন গত মার্চ মাসে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত থেকে পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে মামলাটি এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়। সূত্রঃ এএনআই

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও