শাটার বন্ধ রেখে ব্যবসা চালানোর অভিযোগ,অভিযানে কঠোর অবস্থান প্রশাসনের

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মুক্তিবাণী নিউজ ডেক্স

৭ এপ্রিল: জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা প্রতিপালনে মৌলভীবাজারে অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭ ঘটিকায় মৌলভীবাজার পৌরসভার সেন্ট্রাল রোড এলাকায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, সেন্ট্রাল রোডের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান বাইরে থেকে শাটার বন্ধ রাখা হলেও অভ্যন্তরে তাদের কার্যক্রম চালু ছিল। বিদ্যুৎ ও অন্যান্য জ্বালানি ব্যবহার চলছিল স্বাভাবিকভাবে, যা সরকারি নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছে প্রশাসন। এ ধরনের অনিয়মের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে কঠোরভাবে সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুধু মৌলভীবাজার শহরেই নয়, উপজেলাগুলোতেও নজরদারি বাড়ানো হবে। প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে পরবর্তী সময়ে আর্থিক জরিমানার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, শাটার বন্ধ রেখে ভেতরে ব্যবসা চালানো মানে নির্দেশনা ফাঁকি দেওয়া। এতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য ব্যাহত হয়। প্রশাসন কঠোর হলে এসব বন্ধ হবে।’

প্রসঙ্গত, চলমান জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকার বিভিন্ন সময়ে নির্দেশনা জারি করলেও অনেক ব্যবসা প্রতিষ্ঠান কৌশলে তা এড়িয়ে যাচ্ছে। মৌলভীবাজারের এই অভিযানকে অনেকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ‘আমরা কাউকে বিরক্ত করতে আসিনি, কিন্তু সরকারের নির্দেশনা প্রতিপালন করতে হবে। শাটার বন্ধ রেখে ভেতরে কার্যক্রম চালানো গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন আচরণ কোনো অবস্থাতেই সহ্য করা হবে না।’

উল্লেখ্য, মঙ্গলবার রাত পর্যন্ত এই অভিযানের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো জরিমানা করা না হলেও সতর্ক করা হয়েছে এবং প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও