মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী আজাদ পীরকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম। গত ২৮ এপ্রিল ২০২৬ রাতে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্থ পাপড়িকা রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন—আজাদ মিয়া ওরফে আজাদ আহমদ ওরফে পীর আজাদ (৪২), পিতা মৃত ছইদ উল্লাহ, সাং হিলালপুর, থানা ও জেলা মৌলভীবাজার।
পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় খুন, ডাকাতি, অস্ত্র ও মারামারিসহ মোট ১২টি মামলা চলমান রয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় ১০টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল মূলতবি। দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে সে সিলেটের গোলাপগঞ্জ থানা ও সিলেট মেট্রোপলিটন এলাকায় আত্মগোপনে ছিল।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান ও এএসআই জাহিদুর রহমানসহ একটি বিশেষ টিম উক্ত অভিযান পরিচালনা করে। টানা দুই দিন (২৭ ও ২৮ এপ্রিল) অভিযান চালিয়ে শেষ পর্যন্ত সফল হয় তারা।
গ্রেপ্তারকৃত আসামিকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একাধিক খুন, ডাকাতি ও অস্ত্র মামলার আসামি ‘পীর আজাদ’ দীর্ঘদিন আইনের চোখ ফাঁকি দিলেও শেষ রক্ষা হয়নি। মৌলভীবাজার পুলিশের এই গ্রেপ্তার স্থানীয় অপরাধী চক্রে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানিয়েছেন, জেলা থেকে সন্ত্রাস নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো মূল্যে ফাঁকা পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনা হবে। এই গ্রেপ্তার প্রমাণ করে—অপরাধ যত চালাকই হোক, আইনের হাত থেকে কেউ চিরদিন আত্মগোপনে থাকতে পারে না।










পাঠকের মন্তব্য