গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি সহ্য করা হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্স :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে গরুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি বা অনিয়ম বরদাশত করা হবে না। কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে তিনি হাটের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পশু পরিবহন পরিস্থিতি ঘুরে দেখেন।

প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশু আনা-নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি ও হয়রানি রোধে সরকার কঠোর অবস্থানে থাকবে। রাস্তাঘাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, এবার ঈদকে কেন্দ্র করে যানজট এড়াতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হাটের আশপাশে যাতে কোনোভাবেই অতিরিক্ত ভিড় বা অবৈধ পশু অবস্থান করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

মীর শাহে আলম বলেন, “হাটের নির্ধারিত সীমানার বাইরে কোনোভাবেই পশু রাখা যাবে না। নির্ধারিত জায়গার বাইরে পশু রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, গরুর হাটের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রতিটি হাটে ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও দায়িত্ব পালন করবে, যাতে ভোক্তারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে পশু কেনাবেচা করতে পারেন।

সরকারি এই উদ্যোগের মাধ্যমে ঈদ উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের হয়রানি কমানোই মূল লক্ষ্য বলে জানান প্রতিমন্ত্রী।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও