মৌলভীবাজার জেলা প্রশাসকের অনুদানের চেক হস্তান্তর

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার শহর প্রতিনিধিঃ

সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা ৮ কর্মচারীর পরিবার ও গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতা বরণ করা ২ কর্মচারীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

‘বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা-২০২০ (সংশোধিত)’ অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের জন্য সুপারিশকৃত ১০ আবেদনকারীর মধ্যে এ অনুদান বিতরণ করা হয়। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠান সূত্রে জানা যায়, ৮ জন মৃত কর্মচারীর পরিবারের প্রত্যেককে ৮ লাখ টাকা হারে মোট ৬৪ লাখ টাকার চেক এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম ২ কর্মচারীকে ৪ লাখ টাকা হারে মোট ৮ লাখ টাকার চেক প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, “বেসামরিক প্রশাসনে দায়িত্ব পালনকালে কোনো সরকারি কর্মচারীর মৃত্যু কিংবা গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতায় পতিত হওয়া অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এ ধরনের পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক ও মানসিকভাবে কঠিন সময় অতিক্রম করে। সরকারের পক্ষ থেকে প্রদত্ত এই আর্থিক অনুদান সংশ্লিষ্ট পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও সহায়তা করবে এবং তাদের মাঝে সাহস ও প্রেরণা যোগাবে।”

মানবিক দৃষ্টিকোণ থেকে সরকার সবসময় সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পাশে রয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক পাভেল আরও বলেন, “আমাদের দেশের বেসামরিক প্রশাসন যেসব বীর সন্তানের আত্মত্যাগ ও ত্যাগের বিনিময়ে সচল, তাদের পরিবারকে যেন কোনোভাবেই আর্থিক অনিশ্চয়তার অন্ধকারে পড়তে না হয়—সেটি নিশ্চিত করাই সরকারের মূল দায়িত্ব। যাঁরা নিজের জীবন ও স্বাস্থ্য উৎসর্গ করেছেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো সরকারের পক্ষ থেকে অঙ্গীকার, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে—আর এই প্রতিশ্রুতি যেন কোনোদিন থমকে না যায়, সেদিকেই আমরা কাজ করে যাচ্ছি।” প্রশাসনের এই মানবিক উদ্যোগ উপস্থিত সবার মাঝে গভীর সাড়া জাগিয়েছে এবং সেবকদের মনোবল আরও দৃঢ় করেছে বলে অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখেন অনেকে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও