মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বারে সন্ত্রাসী হামলা, আহত ২

ডেক্স রিপোর্ট

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ৩নং ভবনে সোমবার (৮ জুন) দুপুরে এক অভিনব হামলার ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতে হাজিরা দিতে এসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে, যা শেষ পর্যন্ত আইনজীবী ভবনের অভ্যন্তরে দেশীয় অস্ত্রের হামলায় রূপ নেয়। এতে সুজন খান গুরুতর ও অন্যজন আহত হয়েছেন।

ছবি সংগৃহীত

জানা গেছে, জসিম খান ও জমসেদ খান পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ নিয়ে একাধিক ঝগড়ার পর মৌলভীবাজার সদর থানায় জমসেদ খানসহ সাতজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ তদন্ত শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে প্রতিবেদন দাখিল করলে সোমবার মামলায় হাজিরা দিতে ওই দুই পক্ষ আদালত প্রাঙ্গণে আসে।

ছবি সংগৃহীত

হাজিরা শেষে জেলা আইনজীবী ভবনে যাওয়ার পর হঠাৎ করেই জমসেদ, সাকের ও তারেক খানের নেতৃত্বে একদল আসামি দেশীয় অস্ত্র নিয়ে জসীম, বেলাল ও সুজন খানের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় সুজন খান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে ও অপর আহত ব্যক্তিকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন।

ছবি সংগৃহীত

এ বিষয়ে জসিম খান অভিযোগ করে বলেন, “আমরা আদালতে হাজিরা দিয়ে আইনজীবী বারে যাই। সেখানে আওয়ামী ফ্যাসিস্ট সদ্য জামিনে কারাগার থেকে বের হওয়া জমসেদ খানের লোকেরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় দুজন আহত হন, যার মধ্যে সুজন খানের অবস্থা গুরুতর। আমরা থানায় মামলা করব।”

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নুল হক এই ঘটনায় গভীর বিব্রত প্রকাশ করে বলেন, “দুই বিবদমান পক্ষ আদালতে হাজিরা দিয়ে বারে আসে, সেখানেই একপক্ষ অপরপক্ষের ওপর হামলা চালিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।”

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন ও আইনজীবীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানান, ইতিমধ্যে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে আইনজীবী সমিতির কার্যালয়ের মতো সংবেদনশীল স্থানে এ ধরনের সশস্ত্র হামলা কেবল আইনের শাসনকেই চ্যালেঞ্জ করেনি, বরং বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। প্রশাসন ও পুলিশের কঠোর পদক্ষেপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জড়িতদের গ্রেপ্তার না করলে ভবিষ্যতে আদালত ও আইনজীবী প্রাঙ্গণ অরক্ষিত থাকার যে নজির সৃষ্টি হবে, তা দেশের সামগ্রিক বিচার ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ঘটনার সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবিতে আইনজীবী সমিতি ও স্থানীয়রা বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও