সিএনজি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে খোলা ক্যাসকেড সিলিন্ডারে গ্যাস বিক্রি বন্ধ এবং ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ।
তারা বলছেন,গ্যাস সংকটে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার কারণে পরিবহন খাতে দৈনিক প্রায় ১২৫ কোটি টাকার আর্থিক ক্ষতি এবং ৯ কোটি কর্মঘণ্টা অপচয় হচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক বেলাল আহমেদ। তিনি বলেন, ২০০২ সাল থেকে দেশে পরিবেশবান্ধব সিএনজিচালিত যানবাহনের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রায় ৫০ লাখ সিএনজিচালিত যানবাহন সড়কে চলাচল করছে। কিন্তু সাম্প্রতিক মহেশখালী এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। সিএনজি স্টেশনগুলোতে ন্যূনতম ১৫ পিএসআই চাপ থাকার কথা থাকলেও মিলছে মাত্র ৪-৫ পিএসআই।
তিনি অভিযোগ করে বলেন, এই তীব্র সংকটের মধ্যেও এক শ্রেণির অতিমুনাফালোভী পাম্প মালিক রাতের আঁধারে এবং সরকার নির্ধারিত বন্ধের সময়ে (সন্ধ্যা ৬টা-রাত ৯টা) অবৈধভাবে কাভার্ডভ্যান ও ক্যাসকেড সিলিন্ডারে গ্যাস পাচার করছে। গ্যাস আইন-২০১০ এবং বিপণন নিয়মাবলি-২০১৪ অনুযায়ী পাম্প থেকে সিলিন্ডারে গ্যাস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। এমনকি তৈরি পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ পাম্প থেকে সিলিন্ডারের মাধ্যমে শিল্পের জন্য গ্যাস সরবরাহের অনুমোদন নেওয়ার চেষ্টা চালাচ্ছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় পরিষদ।
এসময় সংবাদ সম্মেলনে তিনি ৫ দফা দাবি জানান। তা হলো,
১. দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রেখে যানবাহনের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।
২. পাম্প থেকে অবৈধভাবে সিলিন্ডারে ও কাভার্ডভ্যানে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
৩. সিএনজি স্টেশনগুলোর জন্য বরাদ্দকৃত ৪.৫০ শতাংশ গ্যাসের জন্য পৃথক লাইন স্থাপন করতে হবে, যেন তা অন্য খাতে ব্যবহার করা না যায়।
৪. কেবল বৈধ সিএনজিচালিত যানবাহনেই গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।
৫. ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে গ্যাস দেওয়া, ভিআইপি সুবিধা বাতিল, কৃত্রিম সংকট ও মিটার কারসাজি রোধ এবং ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে।
দাবি আদায় না হলে আগামী ১৬ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল বৈঠক এবং ২৪ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে গণজমায়েত ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মো. গোলাম ফারুকসহ সিএনজিচালিত পরিবহন খাতের মালিক শ্রমিকরা উপস্থিত ছিলেন।









