![]()
রাজধানীর বনানীতে মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে সাতজনকে আটক করেছে বনানী থানা পুলিশ। পুলিশের দাবি, নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন।
বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত চার শিশু।
বনানী থানা সূত্রে জানা গেছে, রাত ১২টা ২০ মিনিটের দিকে সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে মহাসড়কের আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে খবর পায় পুলিশ।
পরে বনানী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার ও ৭৭টি মুখোশ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আটক সাতজনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।









