বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ইস্যুতে জাতিসংঘের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। গত সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এ তথ্য জানান। জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশের নির্বাচন ইস্যুতে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা বাংলাদেশে আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে দল পাঠাবে না। যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দল তাদের সুপারিশে বাংলাদেশের ক্ষমতাসীন দল ও বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে। ভয়েস অব আমেরিকার ইংরেজি সংস্করণের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বর্তমান সরকার সব উপায়ে বিরোধীদের ওপর আক্রমণ করে যাচ্ছে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অবস্থান জানা গেছে। তাহলে বর্তমান নিপীড়নমূলক পরিস্থিতিতে বাংলাদেশের বিষয়ে জাতিসংঘের সর্বশেষ অবস্থান কী?
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, তাঁদের (জাতিসংঘ) অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তারা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চান। তারা এমন একটি পরিবেশ দেখতে চান, যেখানে মানুষ প্রতিশোধের ভয় ছাড়াই যেকোনো পক্ষে কথা বলতে পারবে। স্টিফেন ডুজারিক আরো বলেন, সংস্থা থেকে ম্যান্ডেট না পেলে জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করে না।










পাঠকের মন্তব্য