আকাশ রক্ষার দুর্গ হয়ে উঠলো আরও সমৃদ্ধ ও শক্তিশালী। দেশের নিরাপত্তার বাংলার নীল প্রহরী বাংলাদেশ বিমান বাহিনীর কাতারে যুক্ত হলো দেশপ্রেমে উজ্জীবিত ৪৪১ নবীন তারকা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কুচকাওয়াজের অনমনীয় শৃঙ্খলা, দৃপ্ত পদভারে ও শপথের মহিমায় মুখরিত হয় মৌলভীবাজার শমশেরনগরে অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুল (আরটিএস)।
![]()
বিমান বাহিনীর ৫৩তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী এই ঐতিহাসিক কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। মনোমুগ্ধকর কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চপাস্টের অভিবাদন গ্রহণের পর তিনি কৃতি রিক্রুটদের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
![]()
বিমান বাহিনী প্রধানের ভাষণে উঠে আসে দেশসেবার অঙ্গীকার ও আসন্ন দায়িত্ব। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে প্রত্যন্ত অঞ্চলে সরঞ্জাম ও লোকবল প্রেরণসহ এক থেকে বারোশত জন কর্মীকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করছে বিমান বাহিনী। তিনি নবীন রিক্রুটদের প্রতি আহ্বান জানান সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে নিজেদেরকে যোগ্য বিমানসেনা হিসেবে গড়ে তুলতে। তার আশা, দেশপ্রেমের অকৃত্রিম প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এই নতুন প্রজন্ম বাংলার আকাশকে মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
![]()
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সামরিক-বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। প্যারেড গ্রাউন্ডে বিমান বাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান ও স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হয় এই গৌরবদীপ্ত আয়োজন। রিক্রুটদের দীপ্ত চোখ ও দৃপ্ত অঙ্গীকার যেন বলছে, ‘মাতৃভূমির আকাশ সুরক্ষায় আমরা আজ পূর্ণ প্রস্তুত!’
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()











পাঠকের মন্তব্য