মৌলভীবাজারে সমাজকর্মী হোসাইন আহমদের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মামুন মিয়া (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত সোয়া ১২টার দিকে জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ১১ মার্চ রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস), মৌলভীবাজার-এর মানবিক সহায়তা টিমের টিম লিডার হোসাইন আহমদ তার ব্যক্তিগত প্রাইভেটকারে গ্যাস নিতে জগন্নাথপুর এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে যান। এ সময় সিরিয়াল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মামুন মিয়া ক্ষিপ্ত হয়ে তার ওপর চরম হামলা চালায়। এতে তিনি ও তার সঙ্গে থাকা এক ব্যক্তি আহত হন। হামলাকারীরা তাদের ব্যবহৃত গাড়িতেও বর্বরোচিত ভাঙচুর চালায়।
এ ঘটনায় ১৩ মার্চ মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ মার্চ দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে জগন্নাথপুর এলাকা থেকে মামুন মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশের এই তাৎক্ষণিক পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এলেও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে, স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের উপস্থিতি সত্ত্বেও কেন আসামিকে গ্রেফতার করতে এতদিন সময় লেগেছে? তবে পুলিশ সুপারের দিক-নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ফিরেছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। গ্রেফতারকৃত আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে।










পাঠকের মন্তব্য