চোর–প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার হলো চুরি যাওয়া প্রাইভেটকার

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
বিশেষ প্রতিবেদকঃ

চুরি করা গাড়ি ফেরত দেওয়ার নামে ভুক্তভোগীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার পর শেষ পর্যন্ত ফাঁদে পা দিল আন্তঃজেলা চোর ও প্রতারক চক্র। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি হওয়া টয়োটা করোলা প্রাইভেটকারটি।

গত ২৩ মার্চ রাত সাড়ে দুইটায় সৈয়ারপুর রিয়াছত উল্লাহ সড়কে ভাড়াটিয়া বাসার সামনে নিজের গাড়িটি তালাবদ্ধ রেখে ঘুমাতে যান ফাহিম মিয়া নামের এক ব্যক্তি। পরদিন সকালে গাড়ি না পেয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করেন। এর সুযোগ নেয় একটি চক্র। অজ্ঞাত নম্বর থেকে ফোন করে গাড়ি ফেরত দেওয়ার কথা বলে তারা প্রথমে ২ লাখ টাকা দাবি করে। ভুক্তভোগী বিশ্বাস করে বিকাশের মাধ্যমে ধাপে ধাপে ৬১ হাজার ৫০০ টাকা পাঠিয়ে দেন। কিন্তু টাকা নেওয়ার পর গাড়ি ফেরত না দিয়ে চক্রটি অদৃশ্য হয়ে যায়।

এ ঘটনায় ফাহিম মিয়া মৌলভীবাজার সদর মডেল থানা ও ডিবি কার্যালয়ে অভিযোগ দায়ের করলে গোয়েন্দা পুলিশ তৎপর হয়। পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবির ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএমসহ একটি দল অভিযানে নামে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ২৬ মার্চ রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গলের আশিদ্রোণ এলাকা থেকে চক্রের তিন সদস্য—আব্দুল মুকিত কিবরিয়া (৩৮), নানু মিয়া (৩৪) ও শাহ আলম (৩৪)-কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা সংঘবদ্ধভাবে গাড়িটি চুরি করে শ্রীমঙ্গলের আশিদ্রোণ ইউনিয়নের টিকরিয়া গ্রামের রাধামাধব জিউর আখড়ার পাশে লুকিয়ে রাখে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন রাত সাড়ে তিনটায় অভিযান চালিয়ে চোরাই প্রাইভেটকারটি উদ্ধার করে জব্দ করে পুলিশ।

ডিবির ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মামলা নং-৪১, তারিখ ২৬/০৩/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৩৭৯/৪০৬/৪২০/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও