অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মৌলভীবাজারে অভিযান, জরিমানা আদায় তাৎক্ষণিক

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
বিশেষ প্রতিবেদক

মৌলভীবাজার বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, বাসস্ট্যান্ডের একাধিক পরিবহন কাউন্টারে নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন করা হচ্ছে না, যাত্রীদের রশিদ সংরক্ষণ করা হচ্ছে না এবং চড়া ভাড়া আদায় করা হচ্ছে। এসব অনিয়ম প্রমাণিত হওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি বাস কাউন্টারের বিরুদ্ধে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার এই অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে ও ন্যায্য ভাড়া নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে অনিয়মের পুনরাবৃত্তি থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

যাত্রী হয়রানি যেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ‘নিয়মিত আয়ের উৎস’ হয়ে দাঁড়ায়, সেখানে প্রশাসনের এ অভিযান নিঃসন্দেহে একটি কঠোর বার্তা। শুধু জরিমানা নয়, ভবিষ্যতে যদি এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটে, তবে কাউন্টারের লাইসেন্স বাতিল থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। ভোক্তা অধিকার ও সড়ক পরিবহন আইনের শক্ত হাত দেখিয়ে প্রশাসন স্পষ্ট করে দিয়েছে— যাত্রীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা বাধ্যতামূলক, আর এই পথে যে বাধা হবে, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও