উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারে তিন দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয়।
![]()
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিনের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত শিশু কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল।
![]()
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাহ হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান ও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মাসুম। আলোচক হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জগলুল হায়দার ইকবাল।
![]()
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিজ্ঞান শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞান মেলার মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং তাদের উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করা। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, মডেল ও গবেষণামূলক উপস্থাপনা প্রদর্শন করছে।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলায় ১৪টি স্টল রয়েছে। তিন দিনব্যাপী এ মেলায় থাকছে সেমিনার, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞানভিত্তিক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিজ্ঞান যেখানে উদযাপনে রূপ নেয়, সেখানে গড়ে ওঠে আগামীর বাংলাদেশ। মৌলভীবাজারের এই আয়োজন শুধু একটি মেলা নয়, এটি তরুণ প্রজন্মের মনে বিজ্ঞানের বীজ বপনের এক উজ্জ্বল অনুষঙ্গ। শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় বদলে যাওয়া মডেলগুলো যেন একেকটি স্বপ্নের ঠিকানা—যে স্বপ্ন একদিন দেশকে নেতৃত্ব দেবে জ্ঞানভিত্তিক স্মার্ট সমাজের দিকে। এমন আয়োজন যত বাড়বে, ততই বাড়বে উদ্ভাবনের ফসল; ততই এগিয়ে যাবে প্রযুক্তির চরকায় চড়া বাংলা।










পাঠকের মন্তব্য