![]()
বহু মানুষের ধারণা পনির খেলে হজমের সমস্যা হয় এবং ওজন বাড়ে। এটা ঘটে ভুল খাবারের সঙ্গে পনির খাওয়ার জেরে।
পনির পুষ্টিকর। প্রোটিনে সমৃদ্ধ খাবার। নিরামিষ রান্নার দিনে এটা মূল পদ হয়ে দাঁড়ায়। কিন্তু বহু মানুষের ধারণা পনির খেলে হজমের সমস্যা হয় এবং ওজন বাড়ে। সম্প্রতি সার্টিফাইড নিউট্রিশনিস্ট আইনা সিংঘল ইনস্টাগ্রামে বলেছেন, ‘আসল সমস্যা পনিরের নয়। বরং, আপনি পনির কীসের সঙ্গে এবং কখন খাচ্ছেন, তার উপর নির্ভর করছে।’ তাঁর মতে, ‘অতিরিক্ত কার্বোহাইড্রেট, মিষ্টি সস দিয়ে পনির খেলে কিংবা মাঝরাতে পনির খেলে পেট ফাঁপা, পেটে অস্বস্তি এবং ত্বকের সমস্যা দেখা দেয়।’
![]()
পুষ্টিবিদ আরও জানিয়েছেন, ভারী খাবারের সঙ্গে পনির খেলে হজমপ্রক্রিয়া ধীর হয়ে যায়। আপনি যখনই ভাত-রুটি কিংবা ডাল-রাজমার সঙ্গে পনির খান, তখন পেটের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। আবার অনেকেই পনিরের সঙ্গে ফল, মিষ্টি সস বা অন্য দুগ্ধজাত খাবার খান, তখনও পেট ফাঁপা এবং ত্বকের সমস্যা তৈরি হয়। অন্যদিকে, মাঝরাতে পনির খেলে তা ঠিকমতো হজম হয় না এবং ঘুমের ব্যাঘাত ঘটায়।
পনিরে প্রচুর পরিমাণে ‘কেসিন’ থাকে, যে প্রোটিন ধীরগতিতে হজম হয়। যখনই আপনি রাজমা বা ছোলার মতো ডাল বা গোটাশস্য কিংবা রিফাইন্ড কার্বসের সঙ্গে পনির খাবেন, তখনই পেটের সমস্যা দেখা দেয়। আর ওজন বৃদ্ধি নির্ভর করে আপনি কতটা পরিমাণে পনির খাচ্ছেন তার উপর। তবে প্রত্যেকের হজমস্বাস্থ্য সমান নয়। তাই ভুল উপায়ে বা ভুল সময়ে পনির খেলে যে সবার একই সমস্যা হবে, এমনটা নয়।
![]()
পনিরের সঙ্গে রুটি বা ভাত খাওয়া চলবে না। এই কম্বোতে কার্বসের পরিমাণ বেশি, তাই হজমে সমস্যা হতে পারে।
ডাল বা রাজমা জাতীয় পদের সঙ্গে পনির এড়িয়ে চলুন। এতেও হজমের সমস্যা বাড়বে।
পনির ডুবো তেলে ভেজে কিংবা পকোড়া বা মাঞ্চুরিয়ান বানিয়ে না খাওয়াই ভালো। এগুলোও পেটের সমস্যা ডেকে আনবে।
পেট ফাঁপার সমস্যা এড়াতে ফলের সঙ্গে পনির খাওয়া চলবে না। এমনকী দুধ, দই বা লস্যির মতো দুগ্ধজাত পণ্যের সঙ্গেও পনির এড়িয়ে চলুন।
বিভিন্ন ধরনের সব্জির সঙ্গে পনির রান্না করে খেতে পারেন। রোজের ডায়েটে সব্জি দিয়ে পনির ভুর্জি রাখতে পারেন। বিভিন্ন স্যালাডের সঙ্গে পনির খাওয়া যায়। পনির বা মাশরুমের সঙ্গে পনির খেতে পারেন।
ভাজার বদলে বিভিন্ন হার্বস মাখিয়ে পনির গ্রিল করে খান। পনিরের কাবাব বা টিক্কা বানাতে পারেন।
আটা বা জোয়ার-বাজরার রুটি হলে তার সঙ্গে পনির খেতে পারেন। তবে দু’টোর বেশি রুটি না খাওয়াই ভালো।
কম ফ্যাটযুক্ত পনির বেছে নিন। দৈনিক প্রোটিনের চাহিদা মেটাতে ১৫০-২০০ গ্রাম পনিরের যথেষ্ট।
ছাঁকা তেলে ভাজার বদলে গ্রিল করে বা গ্রেভিতে মিশিয়ে পনির খান। সঙ্গে প্রচুর সব্জি রাখুন।
বদহজমের সমস্যা থাকলে পনির রান্নায় বেশি ঘি-মশলা ব্যবহার করবেন না।
ডিনারে পনির রাখলে তা সন্ধে ৬.৩০-৮টার মধ্যেই খেয়ে নিন। ঘুমনোর কমপক্ষে ২-৩ ঘণ্টা আগে ডিনার সারুন।









