![]()
মানুষের তথ্য পাওয়ার অধিকারের ওপর অলিখিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আগামী ১২ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন সাংবাদিক সমাজ। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এলআরএফ সভাপতি মুহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরাফাত মুন্না। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেনডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম। সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকেই সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশে একটি প্রতিষ্ঠিত রীতি।
![]()
গত পাঁচ দশকের বেশি সময়ে ২৫ জন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। তাঁদের কর্মকালে সাংবাদিকরা আদালতে প্রবেশ করে শুনানি পর্যবেক্ষণ, নোট গ্রহণ ও সংবাদ প্রকাশ করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগসহ কয়েকটি আদালতে সাংবাদিকদের প্রবেশে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এতে জনগণের তথ্য পাওয়ার অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
আদালতে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধের ঘটনায় সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। সেই সঙ্গে সাংবাদিকরা যেন নির্বিঘ্নে আদালতের খবর সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির প্রতি সবিনয় আহ্বান জানান তাঁরা। সভায় ১২ আগস্টের কর্মসূচি সফল করতে সম্পাদক পরিষদ, ন্যাশনাল এডিটর্স কাউন্সিল, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে সাম্প্রতিক প্রতিবন্ধকতা ও কর্মসূচির বিষয়ে অবহিত করার সিদ্ধান্ত হয়।
সভায় এলআরএফের সাবেক সভাপতি সালেহ উদ্দিন, আশুতোষ সরকার, সাঈদ আহমেদ খান, ওয়াকিল আহমেদ হিরন, মাশহুদুল হক, শামীমা আক্তার, হাসান জাবেদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবদুল হান্নান, আব্দুর রহমান, হাবিবুর রহমান, সিনিয়র সদস্য শংকর মৈত্র, খোকন বড়ুয়া, সাজেদুল হক, মিলটন আনোয়ার, মহিউদ্দিন ফারুক, সহসভাপতি আবু সালেহ রনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার, কার্যনির্বাহী সদস্য ইলিয়াস সরকার ও এসএম নূর মোহাম্মদ বক্তব্য রাখেন।









