আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা না নেয়ার নির্দেশনা

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্সঃ

মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা ফৌজদারি অপরাধ জানিয়ে এমন মামলা না করতে সবাইকে সতর্ক করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সোমবার এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিংসহ নানারকম হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা দায়ের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। এ সকল কর্মকাণ্ডে জড়িতদের কঠোরভাবে হুঁশিয়ারি প্রদানসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নিমিত্ত সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। সকল আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত করার পাশাপাশি অপতৎপরতাকারীদের বিরুদ্ধে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে অভিযোগ জানাতে বলেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা না নেওয়ার নির্দেশনা: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার বিরুদ্ধে কোনো মামলা বা হয়রানি করা যাবে না, এমন নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে। এ গণঅভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে কাজ করেছেন তাদের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি করা হবে না। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হলো। অসত্য তথ্য প্রদান করে কোনো সুবিধা অর্জনের বিরুদ্ধেও সংশ্লিষ্টদের সতর্ক করা হলো।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও