![]()
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান মন্ত্রীসভায় স্থান পাওয়ার খবরে নরসিংদীজুড়ে বইছে আনন্দ উচ্ছ্বাস।
শুক্রবার (২১ আগস্ট) শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় উৎসবমুখর পরিবেশ।
এলাকাবাসী জানান, ড. আবদুল মঈন খান একজন অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতিক। এর আগেও তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার হাত ধরে পলাশ তথা নরসিংদীর ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা-প্রযুক্তির অগ্রগতি হয়েছিল। পুনরায় তিনি নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়ায় এই অঞ্চলসহ দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
পলাশ বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বলেন, ‘ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়াতে পলাশবাসীর আশার প্রতিফলন ঘটেছে। তার মতো একজন দক্ষ, সৎ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষের হাতেই এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিরাপদ। ওনার হাত ধরে এ দেশের সার্বিক অবকাঠামো উন্নয়ন সম্ভব।’
ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা বলেন, ‘মঈন খানের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন হয়ে তিনবার মন্ত্রী ছিলেন।’
নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা বলেন, ‘মঈন খান স্যার মন্ত্রী হওয়ার খবর নরসিংদীবাসীর জন্য নিঃসন্দেহে একটি আনন্দের খবর। সৃষ্টিকর্তা যেন সুস্থ রেখে সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দেন।’









