![]()
“দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”—এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার।
![]()
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা মুনতাকা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মঞ্জুরুল আলম, সিলেট সিভিল সার্জন কার্যালয়ের ডিআরএস ডা. মো. মিলাদুর রহমান, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক আফতাব চৌধুরী, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আবু তালেব মুরাদ, সিলেট বধির সংঘের সভাপতি ও সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ আতাউর রহমান খান শামসু এবং গ্রিন ডিজএবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়েজিদ খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান। গীতা পাঠ করেন রাগীব-রাবেয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল বিজন বিহারী।
অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়। পরে গ্রিন ডিজএবল্ড ফাউন্ডেশনের দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার বলেন, দৃষ্টি প্রতিবন্ধীসহ সব প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় জনসচেতনতা অপরিহার্য। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ বাস্তবায়নে সরকারের পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার আন্তরিক। সমাজকল্যাণ মন্ত্রণালয় ভাতাসহ বিভিন্ন অধিকার বাস্তবায়নে কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন। তাঁরা যাতে সমাজে তাঁদের প্রাপ্য অধিকার পান, সে জন্য সবাইকে আন্তরিক হতে হবে।









