সিলেটে গোপনে ছবি তোলার অভিযোগে রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার

সিলেটে গোপনে ছবি তোলার অভিযোগে রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার
সিলেটে গোপনে ছবি তোলার অভিযোগে রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি :

সিলেটে গোপনে ছবি তোলার অভিযোগে রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার

সিলেট নগরের জিন্দাবাজারের একটি রেস্টুরেন্টে বান্ধবীকে নিয়ে নাশতা করতে গিয়ে অনলাইন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন এক হিন্দু তরুণ। তাঁদের অজান্তে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে অপপ্রচার ও উসকানি দেওয়ার অভিযোগে রেস্টুরেন্টটির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আহবাবুজ্জামান আনোয়ার (২৪) ও মো. সামছুল আমীন (২৭)। তাঁদের একজনের বাড়ি সিলেটের গোয়াইনঘাটে, অন্যজনের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে। তাঁরা নগরের জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরের কাষ্টঘর এলাকার বাসিন্দা উমাশঙ্কর গুপ্ত চৌধুরী গত শনিবার বিকেলে তাঁর বান্ধবী ফারিয়া সুলতানা আনিসাকে নিয়ে ওই রেস্টুরেন্টে যান। এ সময় তাঁদের অজান্তে ছবি তোলা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে ছবিগুলো ছড়িয়ে তাঁদের নিয়ে অপপ্রচার, হয়রানি ও ধর্মীয় উসকানি দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, এসব পোস্টের কারণে তিনি ও তাঁর বান্ধবী বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। একই সঙ্গে তাঁদের পরিবারের সামাজিক মর্যাদাও ক্ষুণ্ন হচ্ছে।

পুলিশ জানায়, রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গোপনে ছবি তোলার ঘটনায় দুই কর্মীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর পর রোববার রাতে তাঁদের আটক করা হয়। সোমবার ভুক্তভোগী কোতোয়ালি থানায় মামলা করলে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, গোপনে ছবি তোলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে। ছবিগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়া ও ধর্মীয় উসকানির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তবে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ার আগে তাঁদের দোষী হিসেবে গণ্য করা যায় না।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও