![]()
নাটোরের সিংড়ায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর থাপ্পড়ে পূর্ণিমা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার হাতিয়ানদহ এলাকার নতুন বস্তিতে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বামী রাশেদুল ইসলামের সঙ্গে পূর্ণিমা খাতুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাশেদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে পূর্ণিমাকে জোরে থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









