![]()
প্রয়াত জাহানারা কাঞ্চনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় এবং কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জের আদমপুরে উসমান আলী দাখিল মাদ্রাসায় নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা এবং কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মাদ্রাসার পাঁচ শিক্ষার্থীর হাতে কোরআন মাজিদ তুলে দেওয়া হয়।
![]()
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, সংগঠনের পৃষ্ঠপোষক ও মাদ্রাসার সভাপতি এ কে এম সালাম মাস্টার, মাদ্রাসার প্রিন্সিপাল সুপার আহাম্মদ আলী, সহকারী সুপার মুজিবুর রহমান, সহকারী মৌলভী নুরুল ইসলাম, মুসলিমুর রহমান ও হাবিবুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খান মোহাম্মদ হোসাইন, সদস্য আবুল বাশার, আব্দুর রহমান প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বাড়ানোর ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
![]()
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পরে উপস্থিত সবার মধ্যে সিন্নি বিতরণ করা হয়।









