দাউদকান্দিতে সীমানা বিরোধে প্রবাসী দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ

দাউদকান্দিতে সীমানা বিরোধে প্রবাসী দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ
দাউদকান্দিতে সীমানা বিরোধে প্রবাসী দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ
মুক্তিবাণী অনলাইন ডেক্স

দাউদকান্দিতে সীমানা বিরোধে প্রবাসী দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ

কুমিল্লার দাউদকান্দিতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক প্রবাসী দম্পতিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মন্থন গ্রামে এ ঘটনা ঘটে। প্রবাসীর আপন বড় ভাই ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ হামলা চালানোর অভিযোগ উঠেছে।

আহত ব্যক্তিরা হলেন ফয়েজ আহমেদ প্রধান (৩৮) ও তাঁর স্ত্রী শেফালী আক্তার (৩৪)। ঘটনার পর তাঁদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ফয়েজ ও শেফালী প্রায় ১৮ বছর লেবাননে ছিলেন। কয়েক মাস আগে দেশে ফিরে তাঁরা নিজেদের বসতবাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ফয়েজের বড় ভাই নজরুল ইসলাম প্রধানের বাড়ি তাঁদের বাড়ির পাশেই। বাড়ির সীমানা নিয়ে নজরুলের সঙ্গে ফয়েজ দম্পতির বিরোধ দেখা দেয়।

জামাল উদ্দিনের দাবি, গতকাল মাগরিবের নামাজের পর বাড়ির সীমানা বুঝিয়ে দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুল ইসলাম প্রধান, তাঁর স্ত্রী সাহানারা আক্তার ও ছেলে রাতুল ইসলাম প্রধান ধারালো অস্ত্র দিয়ে ফয়েজ ও শেফালীকে কুপিয়ে জখম করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে নজরুল ইসলাম প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী শল্যচিকিৎসক নাহিদ হাসান বলেন, আহত দুজনের হাত, কানসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ও মারধরের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও