ছাত্রদল থেকে কোটা আন্দোলন, রাজনৈতিক শিক্ষার গল্প জানালেন তারেক

ছাত্রদল থেকে কোটা আন্দোলন, রাজনৈতিক শিক্ষার গল্প জানালেন তারেক রহমান
ছাত্রদল থেকে কোটা আন্দোলন, রাজনৈতিক শিক্ষার গল্প জানালেন তারেক রহমান
মুক্তিবাণী অনলাইন ডেক্স

ছাত্রদল থেকে কোটা আন্দোলন, রাজনৈতিক শিক্ষার গল্প জানালেন তারেক রহমান

আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, ছাত্রদলের হাত ধরেই তাঁর রাজনৈতিক শিক্ষার সূচনা। ২০১১ সালে ছাত্রদলের মিছিলে সামনের সারিতে থাকা থেকে শুরু করে ২০১৮ সালের কোটা আন্দোলনের উদ্যোগ নেওয়া এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গঠনের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

নিজের রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করে সোমবার (২৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান তারেক রহমান।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘শুভ ভাই সঠিক বলেছেন, প্রাণের সংগঠন ছাত্রদলের হাত ধরেই আমার রাজনৈতিক শিক্ষা। ২০১১ সালে ছাত্রদলের মিছিলের একেবারে সামনের লাইনেই ছিলাম। আমার মনে আছে রানীর দিঘির পাড়ে সন্ধ্যায় কুবি, ছাত্রলীগের শহর শাখা আমার গলায় অ্যান্টিকাটার ধরেছিল। ২০১৩-তে কোটা আন্দোলনে আমরা একটা টিম ঢাকায় এসে অংশ নিলে চারুকলার সামনে আক্রান্ত হই। ১৪-এর নির্বাচনকেন্দ্রিক হরতাল-অবরোধে খুব সক্রিয় ছিলাম আমি। এরপর থেকেই রাজনীতি থেকে সরিয়ে নিই নিজেকে, পড়াশোনার পাশাপাশি ব্যবসায় জড়িয়ে পড়ি।’

তিনি আরও লেখেন, ‘২০১৩-এর কোটা আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ২০১৭-তে ঢাকায় ঢুকি পুনরায় কোটা আন্দোলন করতে। ১৮-এর কোটা আন্দোলনের উদ্যোগটা আমিই নিই, অদ্ভুত সব কৌশল ছিল, মনে হলে মায়া লাগে।’

২০১৮ সালের কোটা আন্দোলনের প্রস্তুতির স্মৃতিচারণ করে তারেক রহমান লেখেন, ‘১৮-এর কোটা আন্দোলন শুরুর আগে পাবলিক লাইব্রেরিতে পড়তাম, হাতে লেখা লিফলেট সবার টেবিলে টেবিলে রেখে দিতাম। অনেক কষ্টে শিক্ষার্থীদের প্রস্তুত করেছিলাম একটা বড় আন্দোলনের জন্য। কনফিডেন্স, ওরাকল সার্বিকভাবে সাপোর্ট দিয়েছিল তাদের লাইব্রেরিগুলোতে যেন আমি কাজ করতে পারি। কনফিডেন্সে সানোয়ার স্যার একজন শিক্ষক হয়েও সবটা দিয়ে এই আন্দোলনে সহযোগিতা করেছেন।’

রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে তিনি লেখেন, ‘তখন আমি আর কোনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। তবে ছাত্ররাজনীতির সেরাটা দেওয়ার চেষ্টা করেছি কোটা আন্দোলনে। ২০১৮ সালের ১৪ মার্চ আমিসহ ৫৪ জন আটক হলে, আমার বন্ধু বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোশারফ হোসাইনকে ফোন করলে, ছাত্রদলের অপর সহযোদ্ধা কামরুল ভাইয়ের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে অবরুদ্ধ করে। আমাদের মুক্তি পর্যন্ত সেই অবরোধ জারি ছিল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেই অবরোধ ছিল কোটা আন্দোলনের প্রথম রাজপথের প্রতিরোধ। কুবিতে তানভীর, হানিফ, তরিকুল অসাধারণ কাজ করেছে সে সময়।’

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান আরও লেখেন, ‘আমার গা শিউরে উঠে কুবিয়ান হয়ে, ঢাবিতে ছাত্রলীগের ডেরায় ঢুকে কীভাবে এই আন্দোলনের উদ্যোগ নিয়েছিলাম।’

তিনি লেখেন, ‘দীন মোহাম্মদ ভাই, ভিপি নুর ভাই, রাশেদ খান ভাই, মামুন ভাই, ফারুক হাসান ভাই, সোহরাব হোসেন ভাইয়েরা এসে আমার সঙ্গে যুক্ত হলেন, সবাই মিলে অসাধারণ এক লড়াইয়ের অধ্যায় ছিল।’

বিভিন্ন রাজনৈতিক সংগঠন গঠনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘সময়ের প্রেক্ষাপটে ছাত্র অধিকার গঠন, সেখান থেকে যুব, গণ, প্রবাসী অধিকার পরিষদ গঠন। বিভেদ, ভুল-বোঝাবুঝি থেকে আলাদা হলাম। মিয়া মশিউজ্জামান স্যারের উদ্যোগে গঠিত আমজনতার দলের সাধারণ সম্পাদক আমি। রাজনীতির জটিল বিষয়গুলো স্যারের কাছ থেকেই আমি শিখেছি।’

নিজের রাজনৈতিক আদর্শ ও বিভিন্ন আন্দোলনে ভূমিকার কথা উল্লেখ করে তারেক রহমান লেখেন, ‘তবে জাতীয়তাবাদের এই লড়াইয়ের শিক্ষা ছাত্রদল হতেই পেয়েছি। স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী আদর্শই আমার শিকড় ছিল। এমনকি, ভারতীয় আগ্রাসনবিরোধী পণ্য বর্জন আন্দোলন, এক দফার যুগপৎ আন্দোলন, জুলাই গণ-অভ্যুত্থানে তাদের সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে, পরামর্শেই কাজ করেছি।’

এর আগে, আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নকালে ছাত্রদলের সদস্য ছিলেন বলে জানান কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ। গত রোববার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ওই পোস্টে মোস্তাফিজুর রহমান শুভ লেখেন, ‘স্নেহের ছোট ভাই তারেক রহমান। একসময়কার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ছিল। তোমার জন্য শুভকামনা রইল। ২০১১-২০১৩ সালে আন্দোলনে কল দিলে বা মেসেজ দিলে সরব উপস্থিতি ছিল তোমার, একসঙ্গে বহুদিন হাসিনাবিরোধী হরতাল, অবরোধে সময় দিয়েছো। সেই থেকে এখন অবধি তোমার হাসিনাবিরোধী অবস্থান প্রশংসা পাবার মতো।’

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও