![]()
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই যোদ্ধা ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মোজাহিদ ইসলামের ওপর হামলা ও জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। তিনি মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলার সংগঠনটির সাবেক সভাপতি।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল প্রেস ক্লাবে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আইনি সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেন মোজাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডে অবস্থিত অ্যাপলো ডায়াগনস্টিক সেন্টার থেকে ফেরার পথে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ফারদিন ইসলাম পিয়ালসহ অজ্ঞাতনামা ১০-১২ জন এ হামলায় অংশ নেন বলে তিনি অভিযোগ করেন।
মোজাহিদ ইসলামের অভিযোগ, হামলাকারীরা তাঁকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। আশপাশের লোকজন এগিয়ে এলে ছাত্রদল নেতা আহমেদ জাহিদ ও আল আমিন হোসেন মুন্না ঘটনাস্থলে এসে পরিস্থিতি অন্যদিকে ঘুরিয়ে দেন। এরপর বিভিন্নভাবে তাঁকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সংবাদ সম্মেলনে জানান।
তিনি আরও বলেন, হামলার বিষয়টি ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দকে জানিয়েছেন। তাঁরা সবাই সুবিচারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো বিচার পাননি। ঘটনার সুষ্ঠু বিচার এবং নিজের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও আইজিপির দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে পৌর ছাত্রদল নেতা আহমেদ জাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সঙ্গে নিজের বা দলের সম্পৃক্ততা অস্বীকার করেন। গণমাধ্যমকে তিনি জানান, তাঁদের বিরুদ্ধে তোলা অভিযোগগুলোর কোনো প্রমাণ মোজাহিদ ইসলাম দেখাতে পারবেন না।









