![]()
কিশোরগঞ্জ সদর উপজেলায় পাওনা ২ হাজার ৪০০ টাকা নিয়ে বিরোধের জেরে মো. ইমরান মিয়া (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় মারিয়া ইউনিয়নের পেয়ারা ভাঙ্গা নাটবাড়ি মোড়ে কালামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান মিয়া মারিয়া ইউনিয়নের কাতিয়াচর গ্রামের মৃত আব্দুল শাহিদের ছেলে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কালাম নামের এক ব্যক্তির কাছে ইমরানের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। ওই টাকা চাইতে সোমবার সকালে কালামের বাড়িতে যান ইমরান। তবে কালামকে বাড়িতে না পেয়ে তিনি ফিরে আসেন।
সকালে বাড়িতে যাওয়ার বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে সন্ধ্যায় ফোন করে ইমরানকে নিজের বাড়ির সামনে আসতে বলেন কালাম। ইমরান সেখানে পৌঁছালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কালাম ধারালো ছুরি দিয়ে ইমরানের পেটে ও বুকে তিনটি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় কালামের স্ত্রী ইমরানকে ধরে রাখেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
ছুরিকাঘাতে গুরুতর আহত ইমরান ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত কালাম পলাতক রয়েছেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।









