রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের প্রমাণই হোক বিচারের ভিত্তি

রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের প্রমাণই হোক বিচারের ভিত্তি
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের প্রমাণই হোক বিচারের ভিত্তি
এস এম মেহেদী হাসান

রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের প্রমাণই হোক বিচারের ভিত্তি

বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদল নতুন কোনো ঘটনা নয়। তবে প্রতিবার ক্ষমতার পরিবর্তনের পর রাজনৈতিক প্রতিপক্ষকে কেন্দ্র করে মামলা, গ্রেপ্তার, হয়রানি এবং পাল্টা রাজনৈতিক অবস্থান নেওয়ার যে প্রবণতা দেখা যায়, তা রাষ্ট্রের বিচারব্যবস্থা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও এর ব্যতিক্রম ঘটেনি। একদিকে অতীতের অপরাধের বিচারের দাবি জোরালো হয়েছে, অন্যদিকে বিভিন্ন স্থানে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মামলা দায়ের ও আসামি করার অভিযোগ উঠেছে। একই সময়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয়ে থাকার অভিযোগও সামনে এসেছে।

সম্প্রতি কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগে যুবদলের এক কর্মীকে বহিষ্কারের ঘটনা বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে। পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যাওয়া ওই ছাত্রলীগ নেতা প্রায় দেড় মাস আগে দেশে ফিরে কুমিল্লার এক যুবদল কর্মীর বাড়িতে আত্মগোপন করেন। পরে ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় যুবদলের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিএনপি, জামায়াত কিংবা অন্য রাজনৈতিক দলের কিছু নেতা-কর্মীর আশ্রয়-প্রশ্রয়ে থাকার অভিযোগও আলোচনায় এসেছে। তবে এসব অভিযোগের প্রতিটি পৃথকভাবে যাচাই করা জরুরি। কারণ, রাজনৈতিক পরিচয় কিংবা কারও সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকলেই কাউকে অপরাধী বা অপরাধের সহযোগী বলা যায় না। অন্যদিকে, রাজনৈতিক সুবিধা দেওয়ার উদ্দেশ্যে কোনো অপরাধীকে আশ্রয় দেওয়া হলে সেটিও আইনের দৃষ্টিতে বিবেচনা করা প্রয়োজন।

প্রশ্ন হলো, অতীতে হত্যা, সহিংসতা, দখলবাজি, দুর্নীতি, চাঁদাবাজি কিংবা ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত রাজনৈতিক নেতা-কর্মীদের কি দলীয় পরিচয়ের কারণে দায়মুক্তি দেওয়া হবে? অবশ্যই নয়। যে দলেরই নেতা-কর্মী অপরাধ করুন না কেন, তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একইভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলা, হয়রানি কিংবা নিরপরাধ মানুষকে আসামি করার প্রবণতাও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া মামলাগুলোর একটি বড় অংশ নিয়ে প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও সহিংসতার বিচার অবশ্যই হওয়া প্রয়োজন। এসব অপরাধের সঙ্গে যাঁরা সরাসরি জড়িত ছিলেন, তাঁদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, আইনের আওতায় আনতে হবে। কিন্তু অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট অপরাধের তথ্য ও প্রমাণের ভিত্তিতে মামলা না করে গণহারে আসামি করা হয়েছে। কোথাও কোথাও রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা কিংবা প্রতিশোধের উদ্দেশ্যে মামলায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগও উঠেছে।

এ ধরনের প্রবণতা বিচারপ্রক্রিয়াকে দুর্বল করে দেয়। একটি মামলায় প্রকৃত অপরাধীর পাশাপাশি নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হলে তদন্ত জটিল হয়ে পড়ে, সাক্ষ্য-প্রমাণের গুরুত্ব ক্ষুণ্ন হয় এবং বিচারপ্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা কমে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গণহারে আসামি করার সংস্কৃতি প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার কাজকেও কঠিন করে তোলে।

অপরাধের বিচার নিশ্চিত করতে হলে প্রথমে অপরাধীকে শনাক্ত করতে হবে। অপরাধের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ থাকতে হবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগ প্রতিষ্ঠা করতে হবে। শুধু কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়া, পদধারী হওয়া কিংবা কারও অনুসারী হিসেবে পরিচিতি থাকা অপরাধ প্রমাণের ভিত্তি হতে পারে না। আইনের শাসনের মূলনীতি হলো—অভিযোগের ভিত্তিতে তদন্ত, প্রমাণের ভিত্তিতে বিচার এবং আদালতের রায়ের ভিত্তিতে শাস্তি নির্ধারণ।

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের একটি প্রবণতা হলো, ক্ষমতায় থাকলে নিজ দলের নেতা-কর্মীদের অপরাধ আড়াল করার চেষ্টা করা হয়, আর ক্ষমতার বাইরে গেলে প্রতিপক্ষের অপরাধের বিচার দাবি করা হয়। এই দ্বিমুখী রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি। কোনো দলের নেতা-কর্মী অপরাধ করলে তাঁকে দলীয় পরিচয়ের কারণে রক্ষা করা যাবে না। একইভাবে রাজনৈতিক প্রতিপক্ষের পরিচয়কেও অপরাধের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না।

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলের নেতা-কর্মীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। কোনো নিষিদ্ধ বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মী অপরাধের অভিযোগে অভিযুক্ত হলে তাঁকে রাজনৈতিক সুবিধা দিয়ে আড়াল করা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা করার চেষ্টা করা উচিত নয়। পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ তোলা বা মামলা করাও বন্ধ করতে হবে।

রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বচ্ছ অবস্থান নেওয়া। অপরাধের প্রমাণ থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। শুধু সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বহিষ্কার করলেই দায়িত্ব শেষ হয় না; দলের ভেতরে অপরাধ এবং অপরাধীদের আশ্রয় দেওয়ার সংস্কৃতিও বন্ধ করতে হবে।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে যারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অপরাধ করেছেন, তাঁদের বিচার হওয়া প্রয়োজন। তবে সেই বিচার হতে হবে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায়। একইভাবে ২০২৪ সালের ৫ আগস্টের পর কেউ হত্যা, সহিংসতা, দখল, চাঁদাবাজি, নির্যাতন কিংবা অন্য কোনো অপরাধে জড়িত হয়ে থাকলে তাঁরও বিচার হওয়া উচিত। অপরাধ সংঘটনের সময়, রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার অবস্থান—কোনোটিই বিচার থেকে রেহাই পাওয়ার কারণ হতে পারে না।

এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি—বিচার মানে প্রতিশোধ নয়। বিচার হলো অপরাধের দায় নির্ধারণ, অপরাধীকে শাস্তি দেওয়া এবং নিরপরাধ ব্যক্তির অধিকার সুরক্ষিত রাখা। রাষ্ট্রের দায়িত্ব হলো, ভুক্তভোগী যেন ন্যায়বিচার পান এবং অভিযুক্ত ব্যক্তিও যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান। তদন্তকারী সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রসিকিউশন ও আদালতকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করার সুযোগ দিতে হবে।

গণমামলার কারণে প্রকৃত অপরাধীরা যেন পার পেয়ে না যান, আবার নিরপরাধ মানুষও যেন হয়রানির শিকার না হন—এই ভারসাম্য নিশ্চিত করা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রতিটি মামলার নিরপেক্ষ তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচার এবং বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মিথ্যা মামলা কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে ফাঁসানোর অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

একটি দেশ শুধু বড় বড় অবকাঠামো, উঁচু ভবন, সড়ক, সেতু কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে উন্নত রাষ্ট্রে পরিণত হয় না। উন্নয়নের প্রকৃত ভিত্তি হলো আইনের শাসন, জবাবদিহি, সুশাসন এবং নাগরিকের ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা। যে দেশে ক্ষমতাবান ও সাধারণ মানুষের জন্য আলাদা আইন থাকে, যে দেশে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার হয়, সে দেশে টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা করা কঠিন।

মানুষ যখন বিশ্বাস করবে যে অপরাধ করলে রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব কাউকে রক্ষা করতে পারবে না, তখনই আইনের প্রতি আস্থা তৈরি হবে। একইভাবে নিরপরাধ মানুষ যখন নিশ্চিত হবে যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হয়রানির শিকার হতে হবে না, তখন রাষ্ট্রের প্রতি নাগরিকের বিশ্বাস আরও দৃঢ় হবে।

বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো অতীতের অপরাধের বিচার নিশ্চিত করা এবং নতুন করে রাজনৈতিক প্রতিহিংসার চক্র তৈরি হতে না দেওয়া। এ জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, বিচার বিভাগের স্বাধীনতা, তদন্ত সংস্থার নিরপেক্ষতা এবং নাগরিক সমাজের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

কুমিল্লার ঘটনাটি তাই শুধু একজন যুবদল কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া কিংবা একজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতার গ্রেপ্তারের খবর হিসেবে দেখার বিষয় নয়। এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতি, দলীয় আনুগত্য, অপরাধের দায় এবং বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে বৃহত্তর আলোচনার সুযোগ তৈরি করেছে।

বাংলাদেশকে সত্যিকার অর্থে উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত কিংবা অন্য যেকোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী—অপরাধ করলে প্রত্যেকেরই বিচার হতে হবে। আর অপরাধ না করলে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হয়রানি করা যাবে না। আইনের চোখে সবাই সমান—এই নীতির বাস্তব প্রয়োগই হতে পারে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ভিত্তি।

: রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও