শ্রমিক অসন্তোষে ১৮ দিনে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের ক্রয়াদেশ হারাল বাংলাদেশ

মুক্তিবাণী অনলাইন ডেক্স

শ্রমিক অসন্তোষে ১৮ দিনে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের ক্রয়াদেশ হারাল বাংলাদেশ

দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ সামনে এসেছে। প্রায় এক মাস ধরে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের মধ্যে দেশের প্রধান বস্ত্র ও পোশাকশিল্প এলাকাগুলোতে অরাজকতা, ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাকের বিপুল পরিমাণ ক্রয়াদেশ প্রতিবেশী ভারতসহ এশিয়ার অন্যান্য দেশে সরিয়ে নিয়েছেন আন্তর্জাতিক ক্রেতারা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, অর্থনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা শুরু থেকেই যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, তার প্রতিফলন ঘটেছে ক্রয়াদেশ স্থানান্তরের ঘটনায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাত্র ১৮ দিনে বাংলাদেশ থেকে অন্তত ২৫ কোটি ৪০ লাখ ডলারের (প্রায় ৩ হাজার কোটি টাকার বেশি) পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে, যার সিংহভাগ পেয়েছে ভারত।

শ্রমিক অসন্তোষে ১৮ দিনে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের ক্রয়াদেশ হারাল বাংলাদেশ

গত ৩০ অক্টোবর থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর, আশুলিয়া, সাভার ও নারায়ণগঞ্জসহ দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক বিক্ষোভ শুরু হয়। গত ২৫ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের সভায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে নতুন কাঠামো ঘোষণা করা হলেও কয়েকটি এলাকায় অস্থিরতা অব্যাহত রয়েছে। পরিস্থিতির প্রভাব তুলে ধরে রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিক বিক্ষোভ, উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার ও সেলিওর মতো বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্য দেশগুলোতে সরিয়ে নিয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের ১ থেকে ১৮ তারিখের মধ্যেই আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলার মূল্যের পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। তিনজন শীর্ষস্থানীয় পোশাক কারখানার মালিকের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া এসব ক্রয়াদেশের সবচেয়ে বড় অংশ পেয়েছে প্রতিবেশী ভারত। পাশাপাশি সরবরাহব্যবস্থার ঝুঁকি কমাতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এই ক্ষতির কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, উল্লেখযোগ্য পরিমাণ ক্রয়াদেশ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গেছে। শ্রমিক বিক্ষোভ চলতে থাকায় আমরা ক্রেতাদের সময়মতো পণ্য সরবরাহ করতে পারিনি।’ ক্রেতাদের আস্থায় চিড় ধরার বিষয়টি তুলে ধরে বিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘ক্রয়াদেশ সরিয়ে নেওয়ায় আমরা ক্রেতাদের দোষ দিতে পারব না। কারণ, আমাদের অনেকেই তাদের সময়মতো পণ্য সরবরাহ করতে পারিনি।’

বিজিএমইএর জরিপ ও আংশিক হিসাব অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৮ দিনের আন্দোলনে ৩১৭টি পোশাক কারখানায় অন্তত ৪২ কোটি ৮০ লাখ ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ১০০ কোটি টাকারও বেশি। ক্রেতাদের আস্থা নষ্ট হওয়ায় নিশ্চিত হওয়া ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। সংগঠনটির আশঙ্কা, ক্ষতিগ্রস্ত ছয় শতাধিক কারখানার পূর্ণাঙ্গ হিসাব যুক্ত হলে ক্ষতির পরিমাণ আরও বহুগুণ বাড়তে পারে।

অন্যদিকে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে, অর্থাৎ শ্রমিক বিক্ষোভ শুরুর ঠিক আগমুহূর্ত পর্যন্ত, দেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭০ কোটি ডলারে দাঁড়িয়েছিল। এই পরিসংখ্যানের বিপরীতে শিল্পাঞ্চলে সৃষ্ট অস্থিরতা দেশের রপ্তানি খাতের অগ্রযাত্রায় বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে।

জুলাই-আগস্ট বিপ্লবের পর থেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে আসছিলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি, নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের পৃষ্ঠপোষক ভারতীয় লবি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে তৈরি পোশাকশিল্পকে প্রধান লক্ষ্যবস্তু করতে পারে। বিশেষজ্ঞদের সেই আশঙ্কার সঙ্গে সাম্প্রতিক অস্থিরতা ও ক্রয়াদেশ স্থানান্তরের ঘটনাকে মিলিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।

শিল্পসংশ্লিষ্ট ও গোয়েন্দা সূত্রগুলোর দাবি, সাধারণ শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে বিভিন্ন পক্ষের অনুপ্রবেশ ঘটিয়ে কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হয়। তাদের মতে, এর উদ্দেশ্য ছিল দুটি—একদিকে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলা, অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশকে অনিরাপদ ও অনির্ভরযোগ্য সোর্সিং হাব হিসেবে তুলে ধরা। এসব সূত্রের অভিযোগ, এই অস্থিরতার সুযোগ নিয়েছে ভারত। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের তৈরি পোশাকের বৈশ্বিক বাজারে অংশীদারত্ব বাড়ানোর চেষ্টা করছে দেশটি। তবে কম উৎপাদন ব্যয় ও দক্ষতার কারণে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে ছিল ভারত। ফলে রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নেওয়ার একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র বাস্তবায়িত হয়েছে বলে তাদের দাবি।

শিল্পের এই সংকটময় পরিস্থিতিতে বিজিএমইএর পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও কাঁচামালের দাম বাড়ায় পোশাক প্রস্তুতকারকদের ওপর এমনিতেই প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘ক্রেতারা যখন পণ্যের দাম কমানোর দাবি জানাচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে, ঠিক সেই সময়ে মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় আরও বেড়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে ক্ষতিগ্রস্ত কারখানার মালিকরা রয়টার্সকে জানিয়েছেন, নভেম্বরের প্রথম ১৮ দিনে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার ঘটনা বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধাক্কা। তাদের আশঙ্কা, চলমান অস্থিরতা পুরোপুরি কাটিয়ে ওঠার পরও এর নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। এমনকি হারিয়ে যাওয়া ক্রয়াদেশগুলো স্থায়ীভাবে হাতছাড়া হওয়ার ঝুঁকিও রয়েছে।

এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার নতুন ঘোষিত মজুরি কাঠামোকে ‘সন্তোষজনক’ উল্লেখ করে আশা প্রকাশ করেছেন, শনিবার থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন। তবে অর্থনীতিবিদ ও শিল্পমালিকদের মতে, শুধু শ্রমিকদের কাজে ফেরানোই যথেষ্ট নয়। তাদের মতে, শ্রমিকদের উসকানি দিয়ে দেশের ৮০ শতাংশ রপ্তানি আয় ও ৪০ শতাংশ কর্মসংস্থানের সঙ্গে সংশ্লিষ্ট এই খাতকে ধ্বংসের চেষ্টা করছে যেসব চক্র, তাদের কঠোরভাবে দমন করা প্রয়োজন। অন্যথায় দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের অর্থনীতি অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও