প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, মৌলভীবাজারে জুনেদের দুই সহযোগী গ্রেফতার (ভিডিও সহ)

বিশেষ প্রতিনিধিঃ

প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, মৌলভীবাজারে জুনেদের দুই সহযোগী গ্রেফতার

মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী জুনেদের দুই সহযোগী মৃদুল ও রাজেলকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। ১৮ নভেম্বর দুপুরে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে পুলিশ প্রায় ২ কিলোমিটার ধাওয়া করে বলে জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মৌলভীবাজার চৌমুহনী এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে আলোচনার জন্ম দেন গ্রেফতারকৃত মৃদুল ও রাজেল। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।

প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, মৌলভীবাজারে জুনেদের দুই সহযোগী গ্রেফতার

অভিযোগ রয়েছে, মৃদুলের ‘মিসফায়ার’ নামে একটি টিকটক আইডি রয়েছে। ওই আইডিতে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ভিডিও তৈরি করে প্রকাশ করেন তিনি। এসব ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শীর্ষ সন্ত্রাসী জুনেদ ও তার সহযোগীদের গ্রেফতারেও অভিযান চলবে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রমতে, মৃদুল ও রাজেল দীর্ঘদিন ধরে মৌলভীবাজার শহরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অস্ত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করে আসছিলেন। তাদের গ্রেফতারে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের এ অভিযানের মধ্য দিয়ে অপরাধ দমনে পুলিশের তৎপরতার বিষয়টি উঠে এসেছে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মৃদুল ও রাজেলের গ্রেফতারকে সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির বার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী জুনেদসহ পলাতক অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। মৌলভীবাজারের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত বলেও জানানো হয়েছে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও