![]()
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার রাতে বিএনপি ও যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকান ও একটি ব্যক্তিগত কার্যালয়েও হামলা চালানো হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে উপজেলার খালেক বাজার এলাকায় প্রথমে কয়েকটি দোকানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন দুর্বৃত্তরা। এরপর কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একপর্যায়ে উপজেলার নিলফা বাজারে বিএনপির কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। এ ছাড়া বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করা হয়।
![]()
এসব হামলা ও অগ্নিসংযোগের পর কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতি-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেন দুর্বৃত্তরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা শনিবার রাত ১১টার দিকে মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন, খালেক বাজারে কয়েকটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং বর্ণি বাজারে যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুর চালানো হয়। এসব ঘটনায় তাঁদের দু-তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন।
![]()
মোক্তার হোসেন আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এসব তাণ্ডব চালিয়েছেন।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান শনিবার রাতে বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জানতে পেরেছেন।
এ বিষয়ে জানতে শনিবার রাত ১১টা ১৬ মিনিটের দিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলীর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।










