‘বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস জামায়াতের নেই’: শফিকুর রহমান

‘বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস জামায়াতের নেই’: শফিকুর রহমান
‘বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস জামায়াতের নেই’: শফিকুর রহমান
মুক্তিবাণী অনলাইন ডেক্স

‘বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস জামায়াতের নেই’: শফিকুর রহমান

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে বারবার আশ্বাস দেওয়া হলেও বাংলাদেশ এখনো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো মানে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, কয়েক দশক ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা শোনা গেলেও প্রত্যাশিত অবস্থানে পৌঁছানো সম্ভব হয়নি।

জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “আমার ৫২ বছরের রাজনৈতিক জীবনে যখনই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তখনই বারবার একই যুক্তি শুনেছি। সব সময় বলা হয়েছে, আগের চেয়ে পরিস্থিতি ভালো। অথচ এত উন্নতির পরও আমরা আমেরিকা বা ইংল্যান্ড হতে পারিনি।”

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশই আছি এবং বাংলাদেশই থাকতে চাই। আমরা অন্য কোনো দেশ হতে চাই না, কোনো বিদেশি শক্তির আধিপত্যও মেনে নিতে চাই না। আমরা চাই, বাংলাদেশ তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়েই বাংলাদেশ থাকুক।”

সংসদে বিধি-৩০০-এর আওতায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দেওয়া বক্তব্যের জবাবে এসব কথা বলেন শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে আগের সময়ের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে উল্লেখ করেছিলেন।

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য বজায় রাখার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অঙ্গীকারের জন্য তাঁকে ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা। তবে তিনি বলেন, মন্ত্রীর বক্তব্যে কিছু ‘ইঙ্গিতপূর্ণ মন্তব্য’ও ছিল।

সীমান্তের ওপার থেকে উসকানি আসছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন অভিযোগের সঙ্গে একমত পোষণ করেন শফিকুর রহমান। তবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বোঝাপড়া রয়েছে—মন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চান তিনি।

শফিকুর রহমান বলেন, “তিনি যদি এটাই বুঝিয়ে থাকেন, তাহলে কোন দলের কথা বলেছেন, তা স্পষ্ট করা উচিত। আমরা ওই অভিযোগের প্রতিবাদ জানিয়েছি।”

২০২৪ সালের ১২ আগস্টের সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছিলেন—এমন দাবিও নাকচ করেন জামায়াত আমির।

তিনি বলেন, “আমি কখনো বলিনি যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আমার পুরো ২২ মিনিটের বক্তব্যে একবারও আওয়ামী লীগের নাম উল্লেখ করিনি, ভুলক্রমেও নয়। পুরো ভিডিও এখনো রয়েছে, যে কেউ চাইলে তা যাচাই করতে পারবেন।”

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, একজন ব্যক্তি সারা দিন ধরে তাঁর দলকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে আসছেন।

বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতের বৈঠকের কোনো ইতিহাস নেই বলে কিভাবে দাবি করেন তিনি।

শফিকুর রহমান বলেন, “আমি স্পষ্টভাবে বলছি, বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস আমাদের নেই। গোয়েন্দা সংস্থার সঙ্গে আমরা বৈঠক করতে যাব কেন? আমরা একটি রাজনৈতিক দল। আমরা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে বৈঠক করি, আর কোথাও বন্ধু থাকলে তাদের সঙ্গেও করি। গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের প্রশ্নই আসে না।”

তিনি অভিযোগ করেন, তাঁর দলের বিরুদ্ধে এমন সম্পর্কের অভিযোগ যাঁরা তুলছেন, তাঁরাই দেশে ও বিদেশে বিভিন্ন বিদেশি সংস্থার সঙ্গে বৈঠক করেছেন।

তিনি আরও বলেন, “তাঁরা বিদেশের মাটিতে প্রকাশ্যে স্বীকার করেছেন, তাঁদের দলের অতীতের কিছু নীতি ভুল ছিল এবং ভবিষ্যতে সেই ভুলের পুনরাবৃত্তি করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সেটি ছিল প্রকাশ্য বক্তব্য। সবার আগে নিজেদের আয়নায় দেখা ভালো।”

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্ব প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, বাংলাদেশে যেন আর কখনো কর্তৃত্ববাদী শাসন ফিরে না আসে, তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, “কার দুর্বলতার কারণে তাঁরা কতটা উৎসাহ পাচ্ছেন, তা জনগণের বিচার করার জন্য ছেড়ে দেওয়া উচিত। আমরা চাই, এই সংসদে দেওয়া বক্তব্যগুলোর প্রতিফলন কার্যকর পদক্ষেপের মাধ্যমে ঘটুক।”

সীমান্তে হত্যাকাণ্ড কমে আসায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করে তাঁকে তিনবার হাততালি দেন শফিকুর রহমান। তিনি বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে এলে যতবার প্রয়োজন, ততবারই তিনি হাততালি দেবেন।

তিনি আরও বলেন, “প্রতিটি জীবন আমাদের কাছে মূল্যবান। আমরা এমন অবস্থাই দেখতে চাই। আমরা চাই, সরকার দৃঢ় অবস্থানে থাকুক, জনগণও সরকারকে সমর্থন দেবে।”

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও