![]()
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি রোহিঙ্গাদের দুর্দশার প্রতি আন্তর্জাতিক মনোযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। দীর্ঘদিনের এই সংকটের স্থায়ী সমাধানে কার্যকর প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন কেলি। মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন তিনি। ১১ নভেম্বর (বুধবার) থেকে তাঁর এ সফর শুরু হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের নতুন বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব নেওয়ার পর কেলি অ্যান কারি প্রথমবারের মতো বাংলাদেশ সফর করছেন। এ বছরের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদ তাঁকে এ পদে নিয়োগ দেয়। মে মাসে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির অবনতি, বিশেষ করে রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রাখাইন রাজ্যের গুরুতর পরিস্থিতির পাশাপাশি সেখানে চলমান সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ ধারাবাহিকভাবে ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে মানবিক সহায়তা দিয়ে আসছে।
তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে দ্রুত প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান। এ লক্ষ্যে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি, বাধাহীন মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করা এবং রোহিঙ্গা ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠী—উভয়ের জন্য টেকসই আন্তর্জাতিক সহায়তা সংগ্রহের ওপরও গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশ সফরের অনুরোধ গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানান বিশেষ র্যাপোর্টিয়ার কেলি অ্যান কারি। বিপুলসংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘদিনের উদারতা ও মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশ যেসব বড় চ্যালেঞ্জের মুখোমুখি, তা স্বীকার করে সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতির প্রশংসা করেন।
কেলি রোহিঙ্গাদের দুর্দশার প্রতি আন্তর্জাতিক মনোযোগ অব্যাহত রাখা এবং দীর্ঘদিনের এ সংকটের স্থায়ী সমাধানে প্রচেষ্টা জোরদারের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।










