বোমা হামলা ও নাশকতায় কারা দিচ্ছে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয়?

বোমা হামলা ও নাশকতায় কারা দিচ্ছে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয়?
বোমা হামলা ও নাশকতায় কারা দিচ্ছে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয়?
মুক্তিবাণী অনলাইন ডেক্স

বোমা হামলা ও নাশকতায় কারা দিচ্ছে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয়?

হিন্দুত্ববাদী ভারত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করতে মরিয়া। মাঝখানে কিছুটা বিরতি দিয়েছিল এই প্রত্যাশায় যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার প্রকাশ্যে ভারতের বিরোধিতা করলেও ভেতরে ভেতরে কূটনৈতিক পর্যায়ে দিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দিল্লিকে অনেকটাই হতাশ হতে হয়। তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ নীতি গ্রহণ করেন। এ নীতির অংশ হিসেবে দিল্লির হাজারো অনুরোধ উপেক্ষা করে সবার আগে মালয়েশিয়া হয়ে চীন সফর করেন তিনি। এরপর আরও কয়েকটি দেশ সফর করলেও দিল্লির থিঙ্কট্যাঙ্করা তাকে ভারত সফরে নিতে ব্যর্থ হন।

তবে বিএনপি সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আমলাদের মধ্যে দিল্লির পছন্দের ব্যক্তিদের ব্যবহার করে ঢাকাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ভারত। এরপর বাংলাদেশে যাতে বিদেশি বিনিয়োগ না আসে, সে লক্ষ্যে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। চীন ছাড়াও বাংলাদেশে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, জাপানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এসব বিনিয়োগ যাতে না আসে, সে জন্য দিল্লির সাউথ ব্লক নেপথ্যে থেকে একের পর এক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিতে কলকাঠি নাড়ছে বলে অভিযোগ করা হচ্ছে।

সর্বশেষ নরেন্দ্র মোদির সরকার বাংলাদেশের তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করেন। এতে সেই চেষ্টা ব্যর্থ হয় বলে দাবি করা হচ্ছে। এখন ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন প্রচারণা ও হাইপ তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। এ উদ্দেশ্যে সারাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীদের মাঠে নামানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকার ২০টিসহ দেশের ৩৩টি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর ২০টি স্থানে মোট ৩১টি ককটেল বিস্ফোরণের ঘটনা পুলিশ নথিভুক্ত করেছে।

সিকিমের লেন্দুপ দর্জির মতো শেখ হাসিনাকে পুতুল বানিয়ে দিল্লি বাংলাদেশে ক্ষমতায় রেখেছিল বলে অভিযোগ রয়েছে। ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের পর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশের ফখরুদ্দিন-মঈনুদ্দিন ও শেখ হাসিনার সরকার ঢাকার স্বার্থ উপেক্ষা করে দিল্লির স্বার্থকে প্রাধান্য দিয়েছে। দুই দেশের ‘উচ্চতর বন্ধুত্ব’ ও ‘স্বামী-স্ত্রীর’ সম্পর্কের আড়ালে শেখ হাসিনা দিল্লির স্বার্থেই ব্যবহৃত হয়েছেন। এ কারণে জুলাই অভ্যুত্থানকে দিল্লির সাউথ ব্লক স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কৌশলে বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।

শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার প্রায় ২ বছর ৩ মাস হতে চলেছে। এই দীর্ঘ সময়ে তাকে জনসম্মুখে দেখা যায়নি। গত ৫ আগস্ট দিল্লিতে অনুষ্ঠিত এক বিতর্কিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ভার্চ্যুয়ালি কথা বলেছেন বলে প্রচার করা হয়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অডিও রেকর্ডও প্রচার করা হয়। তবে এই দীর্ঘ সময়ে শেখ হাসিনার কোনো ভিডিও প্রকাশ করা হয়নি এবং কেউ তাকে সরাসরি দেখেছেন বলেও জানা যায়নি। মাঝখানে গুঞ্জন ছড়িয়েছিল, শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে ক্রিস্টিনা তালাক দিয়েছেন এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে তালাক দিয়েছেন খন্দকার মাশরুর হোসেন মিতু। ফলে তার ছেলে-মেয়েরা এখন একক জীবনযাপন করছেন বলে দাবি করা হয়েছে।

বাস্তবতা হচ্ছে, শেখ হাসিনা সত্যিই বেঁচে আছেন কি না, তা বাংলাদেশের মানুষের জানার কথা নয়। অথচ ডিসেম্বরে হাসিনা দেশে ফিরবেন—এমন প্রচারণা চালিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে। অভিযোগ রয়েছে, হাসিনাকে দেশে ফেরানোর উদ্দেশ্যে বিভিন্ন সময়ে যারা সন্ত্রাস, অরাজকতা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছেন, তারা অপরাধ করে নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছেন।

এমন অভিযোগও রয়েছে, সরকারের ভেতরে একটি গোষ্ঠী দিল্লির সাউথ ব্লকের এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগ নামের সন্ত্রাসী-ফ্যাসিস্ট গোষ্ঠীকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এই গোষ্ঠী ক্ষমতার ভেতরে থেকে বিএনপির পরীক্ষিত নেতাকর্মীদের বিরুদ্ধে অনৈতিকতা, চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ প্রচার করে তাদের কোণঠাসা করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন ও বিএনপির পরীক্ষিত নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টিকে রাড্ডা কাণ্ডে পদত্যাগ করতে বাধ্য করা হয়। দ্রুত সেই পদত্যাগপত্র কার্যকর করে সার্কুলারও জারি করা হয়।

মাদকবিরোধী অভিযান পরিচালনার অপরাধে (!) ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনকেও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়। অথচ সরকারের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্রসফায়ার করার অভিপ্রায় ব্যক্ত করেও পুলিশের আইজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রায় ২০ বছর পর গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ দিবসটি মূলত বাংলাদেশের আত্মপরিচয়ের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে শেখ মুজিবুর রহমানের বাকশালী চেতনার বাঙালি জাতীয়তাবাদের অবসান ঘটিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের গোড়াপত্তন করেন। ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকার দিবসটি পালনে নিষেধাজ্ঞা দিয়েছিল। এবার দিবসটি স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে।

এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির র‍্যালিতে সাত কিলোমিটার পথ হেঁটে অংশ নেন। পিতার মতোই তারেক রহমান সাধারণ মানুষের সঙ্গে মিশে নিজেকে গণমানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দিবসটিতে প্রধানমন্ত্রীর দৃঢ় ভাষণের মধ্য দিয়ে তার দেশপ্রেমের দৃঢ়তা ফুটে উঠেছে। সিপাহী-জনতার বিপ্লবের সেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের মাত্র দুই দিন পরই এক দিনে ৩৩টি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রশ্ন হচ্ছে, এসব ঘটনা কিসের ইঙ্গিত দিচ্ছে?

ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন। দেশে ফেরার জন্য তিনি যে পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন, সে বিষয়ে ভারত জানিয়েছে, এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। তবে দেশি-বিদেশি গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে, ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। বাংলাদেশে ফেরার জন্য ৯ নভেম্বর নতুন পাসপোর্টের আবেদন করেছেন এবং ট্রাভেল পাস চেয়েছেন।

প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, মৃত্যুদণ্ডের রায় এবং নিরাপত্তাঝুঁকি মাথায় নিয়ে তিনি সত্যিই দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে তার দেশে ফেরার ক্ষেত্র তৈরির লক্ষ্যে আগাম বার্তা দিয়ে ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৩৩টি ককটেল বিস্ফোরণ এবং ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকার ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণের ঘটনা পুলিশ নথিভুক্ত করেছে।

দুই বছর তিন মাস ধরে পলাতক, নিজের ও ছেলে-মেয়ের পরিবার তছনছ হয়ে গেছে, দলের কার্যক্রম নিষিদ্ধ এবং সামনে ঝুলছে ফাঁসির রশি—এমন পরিস্থিতিতেও তিনি দেশে ফেরার আগাম বার্তা দিতে ব্যাপক ত্রাস সৃষ্টি করছেন বলে অভিযোগ করা হচ্ছে। বাংলাদেশের মানুষকে আতঙ্কিত করতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্টের ভয়াবহ রাজনৈতিক বিপর্যয়ের পরও শেখ হাসিনার মানসিকতায় কি সামান্যতম পরিবর্তন আসেনি?

শুধু তা-ই নয়, শেখ হাসিনার বাংলাদেশে আগমন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা কলকাতায় জড়ো হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার বাংলাদেশে প্রবেশ করে সুনামগঞ্জে সমাবেশ করে নির্বিঘ্নে বিদেশে ফিরে গেছেন। প্রশ্ন হচ্ছে, হাসিনার পক্ষে বোমা বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের প্রশ্রয় দিচ্ছেন কারা? ক্ষমতাসীনদের আশ্রয় ছাড়া ফ্যাসিস্টদের এমন ত্রাস সৃষ্টির সাহস থাকার কথা নয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের ভেতরে, বিশেষ করে ক্ষমতায় থাকা কিংবা ক্ষমতার কাছাকাছি অবস্থান করা প্রভাবশালীদের প্রশ্রয় ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে এভাবে ত্রাস সৃষ্টি করে নির্বিঘ্নে পালিয়ে যাওয়া সম্ভব নয়। এর আগে গার্মেন্টস খাতেও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা হয়েছে। পুলিশের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই জানিয়েছেন, আওয়ামী লীগের সাবেক কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এবং কয়েকজন গার্মেন্টস মালিক তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে ছিলেন।

তৈরি পোশাক খাতের অস্থিরতায় অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রায় ১০০ ব্যক্তি ও ১২৫টি প্রতিষ্ঠানসহ মোট ২০৪টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে। এরপরও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি ও অন্যান্য এলাকা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ, উত্তরা বিশ্ববিদ্যালয় এবং মাইলস্টোন কলেজ এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন, সিএমএম আদালত প্রাঙ্গণ, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর ও মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, মানিকগঞ্জ ও পটুয়াখালীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং গাজীপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোণায় গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এতগুলো স্থানে সন্ত্রাসীরা ত্রাস সৃষ্টি করলেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দাবি করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রশ্ন হচ্ছে, আর কত জায়গায় একসঙ্গে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে বিবেচনা করা হবে?

অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ‘পতিত রাজনৈতিক শক্তি দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে রাতের অন্ধকারে পরিত্যক্ত বা চালকহীন গাড়িতে আগুন এবং বিভিন্ন স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের কঠোর হস্তে দমনে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করছেন, তখন ভঙ্গুর অর্থনীতিকে খাদের কিনারা থেকে তুলে গতিশীল করার উদ্যোগও চলছে। এমন পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করতে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন একটি রাজনৈতিক হাইপ বা গুঞ্জন তৈরি করে দলটির পলাতক নেতাকর্মীদের উৎসাহিত করা এবং মাঠপর্যায়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। এ জন্য তৈরি পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ, ফুটপাতের হকার উচ্ছেদ, ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণ এবং বিভিন্ন পেশাজীবী ও চাকরিপ্রত্যাশীদের যৌক্তিক দাবিদাওয়াকে পুঁজি করে ভেতরে ছদ্মবেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে।

একই সঙ্গে রাজনৈতিক ফায়দা লুটতে এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বিভিন্ন ইস্যুতে উসকানি দেওয়া হচ্ছে। ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে একটি কৃত্রিম সংকট তৈরির পরিকল্পনা চলছে বলেও অভিযোগ রয়েছে।

প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কারা? সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক একজন সংসদ সদস্য বিদেশ থেকে দেশে এসে সুনামগঞ্জে সমাবেশ করে আবার বিদেশে ফিরে গেলেন, অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই বুঝতে পারেনি? নাকি ‘সর্ষের ভেতর ভূত’-এর মতো প্রশাসনের ভেতরেই শেখ হাসিনার অনুসারীরা রয়ে গেছেন? তারাই কি আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন? বেসামরিক প্রশাসনেও কি একই চিত্র?

সম্প্রতি বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গার্মেন্টস খাতে অরাজকতা সৃষ্টির চেষ্টা হয়েছে। রাজপথে নেমে আসেন শ্রমিকরা। এ সময় যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গার্মেন্টস নেত্রী তসলিমা আক্তার ও নাজমা আক্তার স্পষ্ট জানিয়েছেন, গার্মেন্টসের প্রকৃত শ্রমিকরা নিজেদের কারখানা ভাঙচুর করবেন না। তাহলে কয়েক দিন ধরে রাজপথে যারা অরাজকতা করেছেন, তারা কারা?

গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত রিকশা পরিচালনাকারীদের বেশির ভাগই গ্রাম থেকে আসা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, শ্রমিক লীগ ও যুবলীগের নেতাকর্মী। তাদের ঢাকায় রিকশাচালকের আড়ালে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। যখন প্রয়োজন হবে, তখন তাদের কখনো গার্মেন্টস শ্রমিক, কখনো বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যানারে আন্দোলনে প্রবেশ করিয়ে অরাজকতা সৃষ্টি এবং রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হবে বলে দাবি করা হচ্ছে।

ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গার্মেন্টস পল্লিগুলোতে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করা হয়েছে। এসব আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি সাভারে বিএনপির স্থানীয় সংসদ সদস্য দেওয়ান সালাহউদ্দিন আহমদ এবং গাজীপুরের সাবেক মেয়র মরহুম এম এ মান্নানের পুত্রের অনুসারীরাও রাজপথে আন্দোলনের নামে অরাজকতায় নেমেছিলেন বলে অভিযোগ রয়েছে।

১৪০০ ছাত্র-জনতাকে হত্যা করে ক্ষমতাচ্যুত হয়ে পলাতক শেখ হাসিনার আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গনে এখন কার্যত ‘পরিত্যক্ত’। সাধারণ মানুষ কার্যত দলটিকে আর মনে রাখেনি। ফলে শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তারপরও ঘুরেফিরে হাসিনা ও তার আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলা হচ্ছে কেন, সেটিই এখন প্রশ্ন।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও