![]()
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও সফল ব্যবসায়ী এম এ জলিল অনন্তের ঝলমলে পর্দার জীবন সম্পর্কে অনেকেরই জানা। তবে পর্দার আড়ালে তাঁর ব্যবসায়িক জীবনে নেমে এসেছে গভীর সংকট। শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধ করতে না পারায় বর্তমানে আর্থিক ও আইনি জটিলতার মুখে পড়েছেন এই ঢালিউড তারকা। বিষয়টি এখন বিনোদন ও ব্যবসায়িক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
জানা গেছে, অনন্ত জলিলের একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে গ্যাস বিল বকেয়া ও চুরির অভিযোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কারখানাগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর। ব্যবসা সচল রাখতে নানা উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত সফল হতে পারেননি তিনি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার চেষ্টাও কাজে আসেনি।
ব্যবসায়িক সংকটের পাশাপাশি এবার আইনি জটিলতায় পড়েছেন অনন্ত জলিল। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) থেকে নেওয়া এবি অ্যাপারেলস লিমিটেডের ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ঋণ আদায়ে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ব্যাংকটি।
ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টে ঋণটি পুনঃতফসিল করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে দেওয়া একটি চেক গত ২ নভেম্বর পর্যাপ্ত অর্থের অভাবে প্রত্যাখ্যাত হয়। আইনি নোটিশে আগামী ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
এই সংকট সম্পর্কে গণমাধ্যমকে অনন্ত জলিল জানিয়েছেন, করোনাকালে কাজ না থাকলেও প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে তিনি শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করেছিলেন। তাঁর ভাষ্য, ওই ঋণের সুদ বাড়তে বাড়তেই বর্তমানে দেনার পরিমাণ বিশাল অঙ্কে পৌঁছেছে। বৈশ্বিক মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতিকে তিনি এই সংকটের জন্য দায়ী করেছেন। তাঁর মতে, ব্যাংকের আন্তরিক সহযোগিতা ছাড়া এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব।
ব্যবসায়িক বিপর্যয় সামাল দেওয়া এবং নিজের গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে নানা উদ্যোগ নিয়েছিলেন এই তারকা। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গেও দফায় দফায় বৈঠক করেছেন বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত এসব উদ্যোগ থেকে আশানুরূপ সাড়া পাননি তিনি।
চলচ্চিত্রে অতিরিক্ত সময় দেওয়ার কারণেই ব্যবসায় এমন দুরবস্থা তৈরি হয়েছে কি না, তা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি অনন্ত জলিল। সব মিলিয়ে, রুপালি পর্দার এই নায়ককে এখন বাস্তব জীবনের কঠিন আর্থিক ও ব্যবসায়িক সংকট মোকাবিলা করতে হচ্ছে।











পাঠকের মন্তব্য