![]()
চট্টগ্রাম নগরের পৃথক দুটি এলাকায় পাঁচটার ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে আগুন দেওয়ার সময় বাস দুটিতে কোনো যাত্রী বা চালক ছিলেন না।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর মঙ্গলবার ভোর পাঁচটার দিকে নগরের সাগরিকার শফি মোটরস এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনে ক্ষতিগ্রস্ত দুটি বাসই নিহাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের।
সাগরিকা এলাকায় বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নগরের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার। তিনি গণমাধ্যমকে বলেন, পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনে ব্যবহৃত একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বাসে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তবে নিউ মনসুরাবাদ এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাস্থল পাহাড়তলী থানার আওতাধীন নয় বলে জানান ওসি নুরুল আবছার। তাঁর ভাষ্য, এলাকাটি আকবর শাহ থানার অধীন। তবে আকবর শাহ থানার ওসি মো. নাজের হোসেন দাবি করেন, তাঁর থানা এলাকায় কোনো বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি।
এর আগে রোববার রাতে নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই রাতে নগরের নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।










