বিভিন্ন ইস্যুতে মতভেদ, হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে একমত তিন দল

বিভিন্ন ইস্যুতে মতভেদ, হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে একমত তিন দল
বিভিন্ন ইস্যুতে মতভেদ, হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে একমত তিন দল
মুক্তিবাণী অনলাইন ডেক্স

বিভিন্ন ইস্যুতে মতভেদ, হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে একমত তিন দল

সংবিধান সংশোধনসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) মতপার্থক্য রয়েছে।

তবে ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা এই তিন দলই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিরোধী। ফলে পারস্পরিক বৈরী অবস্থান সত্ত্বেও শেখ হাসিনার ঘোষিত ডিসেম্বরকেন্দ্রিক তৎপরতার ওপর নজর রাখছে দল তিনটি। প্রয়োজন হলে তারা কর্মসূচিও ঘোষণা করবে।

তবে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কর্মকাণ্ড ও তৎপরতা দেখে তারা বিশ্বাস করছেন না যে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন।

এ কারণে বক্তব্য-বিবৃতিতে হাসিনার প্রসঙ্গ এলেও তাঁর প্রত্যাবর্তন ঠেকাতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেনি দলগুলো। তবে ডিসেম্বরের আগে পরিস্থিতির অবনতি হলে পদক্ষেপ বা কর্মসূচি নেওয়ার কথা ভাববে তারা।

ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও গুঞ্জন তত বাড়ছে। তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিএনপি। দলটির নেতাদের স্পষ্ট বক্তব্য, হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইনে তাঁর বিচার হবে।

অন্যদিকে, হাসিনার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা বা অস্থিরতা সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে সতর্ক রয়েছে বিএনপি। একই অবস্থানে রয়েছে জামায়াত, এনসিপিসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো।

তাদের মতে, হাসিনার দেশে ফেরার ঘোষণা বাস্তব কোনো উদ্যোগ নয়; বরং কর্মীদের চাঙা রাখা এবং রাজনৈতিক চাপ তৈরির উদ্দেশ্যে নেওয়া একটি ‘স্টান্টবাজি’।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে পরাজিত অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই। ক্ষমতা হারিয়ে তারা সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি প্রশ্ন তুলে বলেন, ‘শেখ হাসিনা হঠাৎ প্যারাসুট দিয়ে নেমে আসবেন, সবাই ঢোল বাজিয়ে তাকে অভ্যর্থনা জানাবে, এটি কি কখনো সম্ভব? বাংলার মাটি বীরের মাটি। এই মাটি বহু বীরের জন্ম দিয়েছে। যারা নিজের দেশের মানুষের রক্ত ঝরিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান, তারা আবার উড়ে এসে জুড়ে বসবেন, আর জনগণ তা মেনে নেবে—এটি কোনো দিনই সম্ভব নয়। জনগণই হাসিনাকে প্রতিরোধ করবে।’

সম্প্রতি পোশাকশ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি আলোচনায় নতুন মাত্রা পেয়েছে। এ ছাড়া গত কয়েক দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা জড়িত।

বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা মনে করছেন, বিশেষ পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারেন। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে দলীয়ভাবে সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা।

এ লক্ষ্যে সাংগঠনিক ইউনিটগুলোকে মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের অপতৎপরতায় জড়িত ব্যক্তি ও তাঁদের সহযোগীদের বিষয়ে খোঁজখবর রাখার কথাও জানিয়েছেন দলগুলোর নেতারা। তবে কোনো অভিযোগের ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে তথ্য দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, হাসিনার দেশে ফেরার মতো পরিস্থিতি নেই। সরকারই তাঁকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায়। এ নিয়ে দলের মধ্যে বিশেষ কোনো আলোচনা নেই জানিয়ে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা তাদের দোসররা যাতে দেশের অভ্যন্তরে কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে বিএনপি।

তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা হবে। এ বিষয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রতিরোধে অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এ ধরনের বিষয় মোকাবিলার দায়িত্ব দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার। তবে পরিস্থিতির দাবি অনুযায়ী দলমতনির্বিশেষে হাসিনাকে প্রতিরোধ করা হবে।

তিনি আরও বলেন, ইতিহাসে এমন কোনো নজির নেই, যেখানে গণ-অভ্যুত্থানের মুখে সংসদ, মন্ত্রিপরিষদসহ সরকার পালিয়ে যাওয়ার পর কোনো অনুশোচনা বা ক্ষমাপ্রার্থনা ছাড়াই তারা আবার ফিরে আসতে পেরেছে। দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগের অবশিষ্ট দোসররা এসব অপপ্রচার ছড়াচ্ছে। সাধারণ মানুষ এসব কথায় কান দিচ্ছে না। তাঁর মতে, শেখ হাসিনার সাহসের একমাত্র উৎস ছিল ফ্যাসিস্ট ক্ষমতাকাঠামো, যা এখন বিলুপ্ত।

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, হাসিনার দেশে ফেরার হুমকি-ধমকিকে বিএনপি কোনো গুরুত্ব দিচ্ছে না। ফলে এটি প্রতিহত করতে আলাদা কোনো প্রস্তুতিরও প্রয়োজন নেই। দেশে ফিরলে আইনের মাধ্যমেই তাঁর বিচার হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, হাসিনা একজন পলাতক আসামি। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হবে। যারা জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁরা আবার ফিরলে ক্ষুব্ধ জনগণই তাঁদের প্রতিহত করবে। ডিসেম্বরকে কেন্দ্র করে জ্বালাও-পোড়াও কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে প্রচলিত আইনেই তার কঠোর জবাব দেওয়া হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, ডিসেম্বর ঘিরে দলীয়ভাবে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আওয়ামী লীগকে কোনো একক রাজনৈতিক দল নয়, বরং ছাত্র-জনতাসহ দেশের আপামর মানুষ ক্ষমতাচ্যুত করেছে। ফলে হাসিনা ফিরলে জনগণই ব্যবস্থা নেবে। বিএনপি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও দলীয় শক্তি বৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেন, হাসিনা দেশে ফিরে আসবেন—এমন বক্তব্য মূলত রাজনৈতিক ‘স্টান্টবাজি’। কার্যক্রম নিষিদ্ধ দলটি কর্মীদের চাঙা করা এবং দেশের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা ছাড়া আর কিছুই করতে পারবে না।

তিনি বলেন, নানা অপতৎপরতার মাধ্যমে চাপ সৃষ্টির কৌশল নেওয়া হচ্ছে। হাসিনার হাতে যখন পুলিশ-প্রশাসনসহ সবকিছুর নিয়ন্ত্রণ ছিল, তখনই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তাঁর দেশে ফেরার মতো শক্তি-সামর্থ্য আছে বলে মনে হয় না। ডিসেম্বর ঘিরে যেসব শঙ্কা তৈরি হচ্ছে, তা মোকাবিলায় সরকার রয়েছে। তবে হাসিনা ফিরতে চাইলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, হাসিনা আসতে চাইলে সরকারের সঙ্গে আঁতাত করে আসতে হবে। সরকার তা করবে বলে মনে হয় না। সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে। আর যদি ‘টুস করে ঢুকে পড়ে’, তাহলে জনগণ জুলাইয়ের মতোই ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। বিমানবন্দর বা স্থলবন্দর—যে পথেই তিনি দেশে প্রবেশ করুন, জনগণ তাঁকে ধরে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। কেউ কারও কমান্ডের অপেক্ষায় থাকবে না। তাঁকে মোকাবিলার ক্ষেত্রে সরকারি দল বা বিরোধী দল বলে কিছু থাকবে না। জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে থাকবে।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদের আস্তানা গড়ে তুলেছিল। এ কারণে দেশের জনগণই রক্ত দিয়ে তাদের প্রতিহত করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তারা পল্টনে লগি-বৈঠা, পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা, শাপলা চত্বরে গণহত্যা এবং সর্বশেষ ৩৬ জুলাই মিলিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। অসংখ্য মানুষ গুম, খুন ও গুপ্তহত্যার শিকার হয়েছেন। তাঁদের পরিবারের সদস্যরাই হাসিনাকে প্রতিহত করার জন্য যথেষ্ট। আমরা জনগণের এই প্রতিরোধের সঙ্গে আগে যেভাবে ছিলাম, আগামী দিনেও থাকব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে আসতে চাইলে তাঁকে আইনি ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। তিনি তো সাজাপ্রাপ্ত আসামি। জনগণ তাঁর সাজা কার্যকর দেখতে চায়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমকে বলেন, চোরাগোপ্তা মিছিল, ঝটিকা হামলা কিংবা ককটেল বিস্ফোরণের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব নয়। দেড় দশকের দুঃশাসনের জন্য তারা জাতির কাছে কোনো ক্ষমা চায়নি, অনুশোচনাও প্রকাশ করেনি। ফলে জনগণ তাদের গ্রহণ করবে না।

আইনি দিক তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার নিজেই শেখ হাসিনাকে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় প্রত্যর্পণের অনুরোধ জানাচ্ছে। তিনি দেশে ফিরলে আইনগতভাবে আত্মসমর্পণ করে কারাগারে যাবেন এবং বিচারের মুখোমুখি হবেন। তবে তিনি যদি ব্যক্তিগতভাবে ঝুঁকি নিয়ে দেশে আসেন, তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের একটি সুযোগ তৈরি হতে পারে। কিন্তু ক্ষমতা দখলের কোনো সুযোগ তাদের নেই।

এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন, হাসিনা ফিরে আসার কথা বললেও তিনি নিশ্চিত, শেখ হাসিনা দেশে আসবেন না। যদি আসেন, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তবে আবারও বলছি, এই গণহত্যাকারী আসবেন না; আসার নামে কিছু অরাজকতা তৈরি করবেন। কারণ, আওয়ামী লীগ দলটিই জ্বালাও-পোড়াও, পিটাও এবং গুপ্তহত্যার দল। প্রতিবেশী দেশের সহযোগিতায় তারা এসব করে থাকে। তারা ওই দেশটির স্বার্থে সবকিছু করতে পারে। তারা বাংলাদেশের জনগণকে ভালোবাসে না, ভালোবাসে ভারতকে। আমরা জুলাই যোদ্ধারা জেগে আছি। তাদের এ ধরনের নাশকতা রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে বলব। আমরা পাশে থাকব।

monir
Admin

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও