![]()
হেমন্তের সকালে ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু, হালকা কুয়াশার চাদর আর মিষ্টি রোদের উপস্থিতি প্রকৃতিজুড়ে শীতের আগমনী বার্তা দিচ্ছে। শরতের বিদায়ের পর উত্তরের হিমেল বাতাস ধীরে ধীরে সারা দেশে শীতের আবহ ছড়িয়ে দিচ্ছে। তবে দিনের বেলায় এখনো স্বাভাবিকের তুলনায় রোদের তাপ বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শিগগিরই হালকা বৃষ্টির পর সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করবে। ডিসেম্বর মাসে একাধিক শৈত্যপ্রবাহের কারণে জেঁকে বসতে পারে শীত।
বর্তমানে রাজশাহী, রংপুর ও পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে ভোরের দিকে শীতের অনুভূতি স্পষ্ট হয়ে উঠেছে। ভোর ও গভীর রাতে হালকা গরম কাপড় পরতে হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের প্রখরতায় অনুভূত হচ্ছে গরম। রাজধানী ঢাকাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। দিনের বেলায় কিছুটা ভ্যাপসা গরম থাকলেও গভীর রাতে পাওয়া যাচ্ছে হালকা শীতের আমেজ।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আবহাওয়াবিদ নাজমুল হক জানান, বৃষ্টির পর বায়ুমণ্ডলের আর্দ্রতা কমে যাবে এবং তাপমাত্রা দ্রুত হ্রাস পেতে শুরু করবে। ফলে সারা দেশে শীতের অনুভূতি আরও তীব্র হবে।
অন্যদিকে, দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলে এক বা একাধিক মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, দিন ও রাতের তাপমাত্রার বড় ধরনের ওঠানামা, গভীর রাতের কুয়াশা এবং আসন্ন শৈত্যপ্রবাহের কারণে মৌসুমি রোগব্যাধি ও জনভোগান্তি বাড়তে পারে। এ পরিস্থিতিতে শীতের পরিবর্তনশীল আবহাওয়ায় শিশু ও বয়োবৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি সবাইকে আগাম সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।










