![]()
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান।
![]()
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি নেতা এডভোকেট সুনীল কুমার দাস এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও পটভূমি তুলে ধরেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে জেলা জাসাসের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে, বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরজুড়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেয়র চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।










