![]()
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদে আলোচনা সভা এবং চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।
![]()
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল মোহিত কদর, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোবারক হোসেন লোপ্পা, উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম এবং ম্যাক বাংলাদেশের নির্বাহী এস এ হামিদ।
এ ছাড়া সভায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, প্রশিক্ষণার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের মধ্যে যুবঋণ ও অনুদানের চেক এবং সনদ বিতরণ করেন।
![]()










