![]()
ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শাহবাজপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত ছাত্রদল নেতা আব্দুল্লাহকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল হোসেন বাদী হয়ে শুক্রবার সকালে বড়লেখা থানায় মামলা করেছেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা জামায়াতের নেতাকর্মী বলে অভিযোগ করা হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খালেদ আহমেদ এবং ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহসহ পাঁচ নেতাকর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিনামূল্যের চক্ষুসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। ওই ক্যাম্পে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন। তাঁর ওই পোস্টকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার মৌলভীবাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন শেষে তাঁরা শাহবাজপুর বাজারে পৌঁছালে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে রাত ১১টার দিকে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে পাঁচ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ছাত্রদল নেতা আব্দুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সিলেটে পাঠানো হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ তৈরি হলেও এর জেরে নেতাকর্মীদের আহত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, জামায়াতের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করেছেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি প্রভাষক বদরুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। যুবদল নেতার ফেসবুক পোস্টের তথ্য সঠিক নয়। তাঁদের আয়োজিত বিনামূল্যের চক্ষুশিবিরে তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সময় শেষ হয়ে যাওয়ায় মাত্র একজন ব্যক্তি সেবা না পেয়ে ফিরে যান। বৃহস্পতিবার রাতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডা, কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে তাঁদের কয়েকজন সমর্থকও আহত হয়েছেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, এ ঘটনায় শুক্রবার সকালে আবুল হোসেনের দায়ের করা মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।










